বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভকামনা অস্ট্রেলিয়া হাই কমিশনের
ছবি: সংগৃহীত
১২:৩২ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলবে। এই টুর্নামেন্ট খেলার জন্য ঋতুপর্ণারা আগামীকাল মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।
অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশনে আমন্ত্রণ জানানো হয়। তাই আজ বিকেলে ঋতুপর্ণারা অস্ট্রেলিয়ান হাই কমিশনে যান।
অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ নারী দলকে এশিয়া কাপের জন্য শুভকামনা জানায়। এএফসি মহিলা এশিয়া কাপ অঙ্কিত একটি কেক কাটেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অধিনায়ক আফিদা খন্দকার ও ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার। ঋতুপর্ণারা এক ঘণ্টার বেশি সময় সেখানে বেশ আনন্দে কাটান। কেউ রিকশার ছবিতে পোজ দিয়েছেন।

হাই কমিশনে ছোটখাটো ফুটবল কসরতও দেখিয়েছেন আফিদারা।
অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশানের নাম লিখে বাংলাদেশ নারী দলের জার্সি বাফুফে সভাপতি ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করেন। বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী ফেডারেশনের পক্ষ থেকে হাই কমিশনকে সৌজন্যমূলক বল উপহার দেন। বাংলাদেশ ক্রিকেট দল প্রায়ই অস্ট্রেলিয়া সফর করে। বাংলাদেশ ক্রিকেট দলকেও অস্ট্রেলিয়ান হাই কমিশন আমন্ত্রণ জানিয়ে শুভকামনা জানায় প্রায় সময়ই।
বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ১৪ ফেব্রুয়ারি থেকে। পিটার বাটলারের অনুশীলন সেশনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আগামীকাল দেশ ছাড়ার আগে শেষ অনুশীলন সেশনে মিডিয়ার জন্য উন্মুক্ত করেছেন। সেটাও আবার কাকডাকা ভোরে। আগামীকাল দুপুর বারোটায় এশিয়া কাপের জন্য সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে।
আরআই/টিএ