অস্ট্রেলিয়া বাদ পড়ায় হতাশ দলটির সাবেক তারকা
ছবি: সংগৃহীত
১০:১৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এভাবেও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তাদের। তার ওপর বিশ্বকাপের আগে ইনজুরির কারণে সেরা খেলোয়াড়দের ছিটকে পড়া অস্ট্রেলিয়াকে আরও দুর্বল করে দিয়েছে। তবে গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়ে বেশ হতাশ দলটির সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন।
২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পরই বিশ্বকাপ ভাগ্য ঝুলে যায়। পরের দিন আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়।
মাত্র এক মাস আগে অ্যাশেজে দাপুটে পারফর্ম করা অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পড়ে গেছে চরম ব্যর্থতায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারা, অভিজ্ঞদের ব্যর্থতা-সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়া আদৌ টি–টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছে?

অস্ট্রেলিয়ার দু’বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ম্যাথু হেইডেন বলেন, 'দল নির্বাচন আর প্রস্তুতির দিক থেকে আমাদের ভুল পথে ঠেলে দেয়া হয়েছে। ব্যাপারটা ইংল্যান্ডের মতো-‘সব ঠিক আছে’ এ ধরনের আত্মতুষ্টি। এটা একধরনের অস্বীকার আর হয়তো দুর্বল ব্যবস্থাপনার ফল।’
ক্যামেরুন গ্রিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন হেইডেন। আইপিএলে ইতিহাসের অন্যতম দামী বিদেশি ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে ব্যর্থ গ্রিন।
বিষয়টি আরও একবার সামনে আনলেন হেইডেন, 'ব্যাট হাতে গ্রিন একেবারেই আত্মবিশ্বাসহীন। রেনশ এসেছে কোনো বাড়তি বোঝা ছাড়া। দেশে ওয়ানডেতে দারুণ খেলেছে। তাকে অবহেলা করা হয়েছে-টেস্ট দলেও তার জায়গা থাকা উচিত।'
হেইডেন যোগ করেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি নতুন করে ভাবা দরকার। তাদের সবচেয়ে বড় সম্পদ ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে।'
এমআই/এসএন