জেল থেকে বেরিয়েই মিমিকে মানহানির মামলা তনয়ের!
ছবি: সংগৃহীত
১১:২৬ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
গত মাসে বনগাঁয় এক মাচা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার অভিযোগ তুলেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনার জেরে পুলিশি তদন্তের পর আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। জামিন-অযোগ্য ধারায় মামলা হওয়ায় তাকে এক সপ্তাহের বেশি সময় জেল হেফাজতে থাকতে হয়।
তবে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে পাল্টা আইনি লড়াই শুরু করেছেন তনয় শাস্ত্রী। জেল থেকে বেরিয়েই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিষয়টির শেষ দেখে ছাড়বেন। সেই ঘোষণার পর এবার তিনি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেছেন।
তনয়ের দাবি, অভিনেত্রী তাকে অকারণে অপমান করেছেন এবং জনসমক্ষে তার সম্মানহানি ঘটিয়েছেন। এ অভিযোগে তিনি মিমির কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি তাকে অযথা হেনস্তা ও জেলে পাঠানোর অভিযোগ তুলে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

শুধু তাই নয়, বনগাঁর ওই অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকাও ফেরত চেয়েছেন তনয়। তার বক্তব্য, অভিনেত্রীর রাত ৯টায় অনুষ্ঠানে পৌঁছানোর কথা থাকলেও তিনি দুই ঘণ্টারও বেশি দেরিতে আসেন। ফলে প্রায় মধ্যরাতে অনুষ্ঠান শুরু হয় এবং পুলিশি বিধিনিষেধের কারণে তা বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।
অন্যদিকে, মিমি চক্রবর্তীর অভিযোগ ছিল, তাকে মাঝপথে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এই ঘটনার পরই তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন এবং অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা দেন।
এদিকে, নতুন করে দায়ের হওয়া মানহানি মামলা ও আইনি নোটিশ প্রসঙ্গে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বনগাঁর সেই বিতর্কিত ঘটনাকে ঘিরে আইনি টানাপোড়েন কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর টালিউড মহলের।
এমকে/এসএন