© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিষেককন্যা সাইনাকে ‘নেপো কিড’ বলে কটাক্ষ!

শেয়ার করুন:
অভিষেককন্যা সাইনাকে ‘নেপো কিড’ বলে কটাক্ষ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ায় ফের নতুন বিতর্কের ঝড়। জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’ ঘিরে এবার সরব সামাজিক মাধ্যম। আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় এবং নন্দিনী দত্ত। আর বিতর্কের সূচনা একটি পোস্ট ঘিরে, যা করেছিলেন নন্দিনীর বাবা।

ঘটনার সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। মেয়ের সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লিখেছিলেন, ‘নট নেপো কিড, অপেক্ষা করুন ভালো কিছুর জন্য।’ এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। নেটমাধ্যমের একাংশের দাবি, এই মন্তব্যের নিশানা ছিলেন অভিষেককন্যা সাইনা। যদিও কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি, তবুও জল্পনা ছড়াতে সময় লাগেনি।

উল্লেখ্য, ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে এই মুহূর্তে মুখ্যচরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়-এর মেয়ে সাইনা। ২০২২ সালে বাবার অকালপ্রয়াণের পর খুব অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখেন তিনি। মাত্র পনেরো বছর বয়সে পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে। প্রথম ধারাবাহিক থেকেই দর্শকের মন জয় করেছিলেন। দ্বিতীয় ধারাবাহিকেও তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ‘লাজবন্তী’ চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকের কাছে এখন আলাদা আবেদন তৈরি করেছে।



অন্যদিকে, একই ধারাবাহিকে ‘বনলতা’ চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত। অভিনয়ের দিক থেকে তিনি সাইনার অগ্রজ হলেও এই ধারাবাহিকে পার্শ্বচরিত্রে রয়েছেন। চরিত্রটি খলস্বভাবের হওয়ায় দর্শকের একাংশের চোখে তিনি এমনিতেই বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ছিলেন। তার মধ্যেই বাবার ওই পোস্ট বিতর্ককে নতুন মাত্রা দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, পর্দার প্রতিদ্বন্দ্বিতা কি বাস্তবেও প্রভাব ফেলল?

তবে বিতর্ক ঘনীভূত হতেই নন্দিনীর বাবা সংবাদমাধ্যমকে জানান, একেবারেই সহজ-সরল মনেই তিনি পোস্টটি করেছিলেন। কারও প্রতি কটাক্ষ করার উদ্দেশ্য ছিল না। এমন প্রতিক্রিয়া তৈরি হবে, তা তিনি ভাবেননি। পরিস্থিতি জটিল আকার নিতেই নন্দিনীর পরামর্শে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা যায়।

সমস্ত ঘটনার মধ্যে লক্ষণীয়, সাইনা এ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। নিজের কাজ ও অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। সমালোচনা বা কটাক্ষে জবাব না দিয়ে কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান ঘনিষ্ঠ মহলের এমনটাই দাবি।

পর্দার গল্প যেমন উত্তেজনায় ভরা, তেমনই পর্দার বাইরের ঘটনাও এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। ‘নেপো কিড’ বিতর্কে কে কতটা দায়ী, তা সময়ই বলবে। তবে আপাতত দর্শকের চোখ ধারাবাহিকের গল্পের পাশাপাশি বাস্তবের এই নাটকীয় অধ্যায়ের দিকেও।

পিআর/টিএ

মন্তব্য করুন