সিকান্দার রাজার ঝড়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে
ছবি: সংগৃহীত
০৭:১৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
মাইটি অস্ট্রেলিয়াকে বিদায় করে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকেও হারিয়ে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন সিকান্দার রাজার দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা।
কলম্বোতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজারা। ব্রায়ান বেনেট ৬৩ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় জিম্বাবুয়ে। তাদিওয়ানাশে মারুমানি আউট হওয়ার আগে বেনেটের সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। ২৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন মারুমানি। অপরপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন বেনেট। ওয়ান ডাউনে নেমে ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রানের আগ্রাসী ইনিংস উপহার দিয়ে বিদায় নেন রায়ান বার্ল।
এরপর বেনেটের সঙ্গে জুটি গড়ে আগ্রাসী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে আউট হন অধিনায়ক রাজা। ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারের মারে ৪৫ রান করেন তিনি। ৪৮ বলে ৮ চারের মারে ৬৩ রানে অপরাজিত থাকেন বেনেট।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন দুশান হেমন্ত। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দাসুন শানাকা ও দুনিথ ভেল্লালাগে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৪১ বলে ৮ চারের মারে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা। এছাড়া ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাভন রত্নায়েকে।
জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার।
আয়াল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচটি ছাড়া, গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। তাতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে শ্রীলঙ্কা।
এমআর/টিএ