সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকার প্রশংসায় কোচ বাটলার
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে দল। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় আনুষ্ঠানিক দল ঘোষণা এবং জানানো হয় প্রস্তুতির কথা। বেশ কিছু দিন ধরেই দলের সঙ্গে আছেন সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনে ওঠে এই মিডফিল্ডারের প্রসঙ্গ। আনিকার প্রসঙ্গে কোচ পিটার বাটলার প্রশ্নকর্তাকে আগে ধন্যবাদ দিলেন, এরপর প্রশংসায় ভাসালেন সুইডেন থেকে মিডফিল্ডারকে।
নারী ফুটবলে আনিকাই প্রথম নয়, এর আগে জাপানিজ সুমাইয়া মাতসুশিমাও খেলেছেন। তবে দলের সঙ্গে আনিকার যোগ হওয়া নতুন মাত্রা যোগ করেছে, সেটি শক্তি বাড়াবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। কোচ বাটলারও তাঁর আসায় বেশি খুশি এবং এটি একটি ইতিবাচক বার্তা হবে নারী ফুটবল দলের জন্য এমনটাই মনে করেন তিনি, ‘শুধুমাত্র স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গড়ার প্রথা তা থেকে আমাদের বের করে আনবেন। কারণ আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়াতে অনেক অনেক বাংলাদেশি খেলোয়াড় খেলছেন; এমনকি অ্যাস্টন ভিলাতেও একজন মেয়ে খেলছেন বলে আমি জানি। আসল বিষয়টি হলো— এমন একজনকে প্রয়োজন যে কি না সাহসের সঙ্গে এগিয়ে আসবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি (আনিকা) ঠিক সেটিই করছেন।’
আনিকা সুইডেনের ক্লাব ব্রোমপোজকার্নার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ মাসেই সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলের হয়েও অভিষেক হয়েছে তাঁর। গত ১৬ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেন তিনি। অনুশীলনে আনিকাকে দেখে মনে ধরেছে বাংলাদেশ কোচের। আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় তাঁর (আনিকা) বয়স ২০-২১ বছর। আমি তাঁকে (খেলোয়াড় হিসেবে) পরখ করে দেখতে বেশ আগ্রহী ছিলাম। আমি এ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছি, তাঁর কোচদের সাথে কথা বলেছি, ভিডিও দেখেছি এবং অনুশীলনে তাঁকে পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়; সেইসঙ্গে একটি চমৎকার আবিষ্কার।’
বাফুফের ট্রায়াল থেকে আনিকাকে দলে ভিড়ানো হয়। এবার তো অস্ট্রেলিয়াতেও যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে অভিষেক হয়ে যাবে এশিয়ান কাপের প্রথম ম্যাচেই। ২৬ সদস্যের দলে তাঁকে নেওয়ার প্রসঙ্গে কোচ বাটলার বলেন, ‘এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কেন আমি তাঁকে বেছে নিলাম? আমি তাঁর দক্ষতা বা সক্ষমতার ভিত্তিতে তাঁকে নির্বাচন করেছি। তাঁর বয়স এখানে একটি বড় ইতিবাচক দিক; সে ভবিষ্যতের জন্য একজন যোগ্য খেলোয়াড়। মনে করি তাঁর মানসিকতা বেশ সতেজ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খুবই লড়াকু মনোভাবের। সে দলের মান এবং শক্তি যোগ করবেন এবং দিনে দিনে সে আরও উন্নতি করবে।’
এদিকে, বাংলাদেশের হয়ে খেলতে যেন তর সইছে না আনিকার। অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া কঠিন হলেও বাংলাদেশের প্রেমে পড়েছেন তিনি। বাফুফের এক ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার একটা লক্ষ্য ছিল। যেভাবেই হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই আমি। এখানে এসে আমার ভালো লাগছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।
এবি/টিএ