মাত্র ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক ব্রিটিশ অভিনেত্রী মিলি ব্রাউন!
ছবি: সংগৃহীত
০১:৩৬ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
হাঁটি হাঁটি পা পা করে কিশোর বয়সে অভিনয়ে পথচলা শুরু। সেখান থেকে আজ বিশ্বজোড়া খ্যাতি। ব্রিটিশ অভিনেত্রী ও প্রযোজক মিলি ববি ব্রাউন এখন বৈশ্বিক বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত মুখ। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা গেল তাঁর সংগ্রাম, সাফল্য ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়।
২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি স্পেনের মারবেলায় জন্মগ্রহণ করেন মিলি। শৈশবে পরিবার নিয়ে ইংল্যান্ডে, পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অভিনয়ের স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় কঠিন সময়। একের পর এক অডিশনে ব্যর্থতা, পরিবারের আর্থিক টানাপোড়েন সব মিলিয়ে একসময় প্রায় হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। তবে ভাগ্য তখন অন্য পরিকল্পনা করে রেখেছিল তাঁর জন্য।
২০১৬ সালে নেটমাধ্যমভিত্তিক ধারাবাহিক স্ট্রেঞ্জার থিংস-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান মিলি। রহস্যময় ও অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন এক কিশোরীর চরিত্রে তাঁর সংযত অভিনয় দর্শক-সমালোচক সবার প্রশংসা কুড়ায়। অল্প বয়সেই সম্মানজনক পুরস্কারের মনোনয়ন পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।
ধারাবাহিকের সাফল্যের পর বড় পর্দায়ও নিজেকে প্রমাণ করেন মিলি। দানবভিত্তিক কাহিনির চলচ্চিত্র গডজিলা: কিং অব দ্য মনস্টার্স এবং এর পরবর্তী কিস্তিতে অভিনয় করে বাণিজ্যিক ছবিতেও নিজের উপস্থিতি জানান দেন। পাশাপাশি এনোলা হোমস-এ শার্লক হোমসের বোনের চরিত্রে অভিনয় করে নতুন পরিচয় গড়ে তোলেন। শুধু অভিনয়ই নয়, ওই ছবিতে নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন তিনি, যা তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।

বিশ্বখ্যাতির সঙ্গে আসে সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ। অল্প বয়সে খ্যাতির ভার কাঁধে নিয়ে মানসিক চাপের মুখেও পড়তে হয়েছে মিলিকে। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হিসাব বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে মানসিক সুস্থতার গুরুত্ব ও কিশোরদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
ব্যক্তিজীবন নিয়েও কম আলোচনা হয়নি। সংগীতশিল্পী জন বন জোভি-র ছেলে জেক বোনজভি-র সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন মিলি। ২০২৩ সালে তাঁদের বাগদান সম্পন্ন হয়। পরে বিয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়। অল্প বয়সে বিয়ে নিয়ে নানা আলোচনা থাকলেও মিলি জানিয়েছেন, এটি তাঁদের পারস্পরিক সিদ্ধান্ত এবং পরিবারও পাশে ছিল।
অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও সফল তিনি। প্রতিষ্ঠা করেছেন প্রসাধনী ব্র্যান্ড ফ্লোরেন্স বাই মিলি, যা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায়। অভিনয়, প্রযোজনা ও ব্যবসা—সব মিলিয়ে মাত্র ২২ বছর বয়সেই নিজেকে বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন মিলি ববি ব্রাউন।
শিশুশিল্পী থেকে বিশ্বতারকা এই পথচলায় রয়েছে সংগ্রাম, সাহস ও সচেতন পরিকল্পনা। সামনে আরও নতুন অধ্যায়, আর সেই অধ্যায়ের দিকেই এখন তাকিয়ে ভক্ত-অনুরাগীরা।
এমকে/এসএন