চাঁদে যাওয়ার রকেটে জ্বালানিসংক্রান্ত সমস্যা, চ্যালেঞ্জের মুখে নাসার নতুন মিশন
ছবি: সংগৃহীত
০৩:২৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদে মানুষ পাঠানোর ঐতিহাসিক লক্ষ্য নিয়ে কাজ করছে নাসা। কিন্তু সম্প্রতি আর্টেমিস ২ মিশনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় রকেটের জ্বালানি নিঃসরণ হওয়ার সমস্যা ধরা পড়েছে। এই সমস্যার কারণে চারজন নভোচারীকে নিয়ে চাঁদের চারপাশ ঘুরে আসার ১০ দিনের মিশনটি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
রকেটের মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অতিশীতল তরল হাইড্রোজেন।
পরীক্ষার সময় দেখা যায়, রকেটের সংযোগস্থল থেকে এই হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের অণুগুলো খুব ছোট হওয়ায় সামান্য ফাঁক পেলেই তা বের হয়ে যায়। নাসার প্রকৌশলীরা জানান, এটি বেশ পুরনো সমস্যা; এর আগে ২০২২ সালেও একই কারণে বারবার উৎক্ষেপণ পেছানো হয়েছিল।
ঝুঁকি থাকা সত্ত্বেও নাসা হাইড্রোজেন ব্যবহার করে, কারণ এটি রকেটকে অনেক বেশি শক্তি দিতে পারে।
কম জ্বালানি পুড়িয়ে অনেক বেশি ওজন মহাকাশে পাঠানো সম্ভব হয় বলে এটি রকেট বিজ্ঞানে অত্যন্ত কার্যকর।
বিশেষজ্ঞরা বলছেন, এই রকেটে পুরনো ‘স্পেস শাটল’ প্রগ্রামের যন্ত্রাংশ ও প্রযুক্তি নতুন করে ব্যবহার করা হয়েছে। মার্কিন সংসদীয় সিদ্ধান্তের কারণে পুরনো কর্মীদের কাজ ও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে গিয়েই নাসা পুরনো পদ্ধতিতে রকেটটি বানিয়েছে। বর্তমানে নাসা স্বীকার করেছে যে এই রকেটটি এখনো পুরোপুরি ‘অপারেশনাল’ নয়, বরং একটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।
নাসা ইতিমধ্যে নিঃসরণ হওয়া জায়গার সিলগুলো পরিবর্তন করেছে এবং বিশেষ কৌশলে জ্বালানি পূর্ণ করার কাজ চালাচ্ছে। নাসা প্রশাসক জানিয়েছেন, নতুন করে পরীক্ষার পর নিঃসরণের হার কমে এসেছে। তাদের দাবি, হাইড্রোজেনে লিকের ভয় থাকলেও তারা এটি নিরাপদে ব্যবহার করতে দক্ষ।
সূত্র : সিএনএন
পিআর/টিকে