© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গার্দিওলাকে ম্যানচেস্টার সিটিতেই দেখতে চান সাবেক ইংলিশ ফুটবলার

শেয়ার করুন:
গার্দিওলাকে ম্যানচেস্টার সিটিতেই দেখতে চান সাবেক ইংলিশ ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিমিয়ার লিগে এক দশকের আধিপত্য, একের পর এক শিরোপা এবং আধুনিক ফুটবলে কৌশলগত বিপ্লব-সব মিলিয়ে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা যেন এক ঐতিহাসিক অধ্যায়।

তবে মৌসুম শেষে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন চলছে। এমতাবস্থায় পেপ গার্দিওলার পাশেই দাঁড়ালেন সাবেক ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। গার্দিওলাকে ম্যানচেস্টার সিটিতেই দেখতে চান তিনি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ওয়েন রুনি জানিয়েছেন, তিনি চান পেপ গার্দিওলা আগামী মৌসুমের পরও ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকুন। রুনির মতে, গার্দিওলা গত এক দশকে প্রিমিয়ার লিগে এমন একটি মানদণ্ড তৈরি করেছেন, যা অন্য সব কোচের জন্য উদাহরণ।



২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে থাকা গার্দিওলা ইতোমধ্যে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে সপ্তম শিরোপার দৌড়েও রয়েছে সিটি। তবে মৌসুম শেষে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সম্প্রতি রুনি বলেন, “আমি আশা করি সে থাকবে। প্রিমিয়ার লিগের জন্য সে অসাধারণ। আপনি নিশ্চয় চাইবেন সেরা কোচরা এই লিগে থাকুক। গত ১০ বছরে সে একটি বেঞ্চমার্ক স্থাপন করেছে।”

এদিকে ডিসেম্বরে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কার নাম সিটির সম্ভাব্য কোচ হিসেবে শোনা গেলেও রুনির পছন্দ অন্য। তিনি মনে করেন, বর্তমানে বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানিই হতে পারেন আদর্শ উত্তরসূরি। “পেপ যদি যায়, তাহলে সিটির উচিত ভিনসেন্ট কোম্পানিকে আনা। সে ক্লাবকে চেনে, বায়ার্নে সফল হয়েছে এবং মনে হয় পেপের কাছ থেকে অনেক কিছু শিখেছে।”

এমআই/টিকে 

মন্তব্য করুন