আর্জেন্টাইন ফুটবলারের কঠোর শাস্তির দাবি জানাল ব্রাজিলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
চ্যাম্পিয়নস লিগে বর্ণবাদ অভিযোগের ঘটনায় আর্জেন্টিনার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির কঠোর শাস্তির দাবি জানিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বেনফিকার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের এর প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠার পর এ দাবি জানায় ব্রাজিলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত মঙ্গলবার লিসবনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জেতে রিয়াল। ম্যাচে একমাত্র গোলটি করেন ভিনিসিসিউস। গোল করার পরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন খেলোয়াড় প্রেসতিয়ান্নি তাকে ‘বানর’ বলে কটূক্তি করেছেন। ঘটনার পর ম্যাচের রেফারি বর্ণবাদবিরোধী প্রোটোকল সক্রিয় করেন এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, তারা চায় ফিফা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করুক এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যেন দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।
সংস্থাটি আরও জানিয়েছে, ভুক্তভোগী ও উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য তারা আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে।

তবে প্রেসতিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযোগের মুহূর্তে তিনি জার্সি দিয়ে মুখ ঢেকেছিলেন। বেনফিকাও তাদের খেলোয়াড়ের বিরুদ্ধে ‘মানহানিকর প্রচারণা’ চালানো হচ্ছে বলে দাবি করেছে।
রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ম্যাচে ঘটে যাওয়া ‘অগ্রহণযোগ্য বর্ণবাদী ঘটনার’ সব প্রমাণ তারা উয়েফার কাছে পাঠিয়েছে। ম্যাচের পর রিয়ালের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও জানান, তিনি প্রেসতিয়ান্নিকে ভিনিসিউসকে উদ্দেশ্য করে পাঁচবার ‘বানর’ বলতে শুনেছেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক বিবৃতিতে তিনি বলেন, অভিযোগিত বর্ণবাদী ঘটনার খবরে তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। গত বছর ফিফা তাদের শৃঙ্খলাবিধির ১৫ ও ৩০ নম্বর ধারায় সংশোধন এনে বর্ণবাদ ও বৈষম্য দমনে কঠোর ব্যবস্থা যুক্ত করেছে। এর মধ্যে বর্ণবাদী আচরণের জন্য সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ৫০ লাখ সুইস ফ্রাঁ নির্ধারণ করা হয়েছে।
উয়েফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে প্রেসতিয়ান্নি সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তদন্তের ফল ও সম্ভাব্য শাস্তির সিদ্ধান্ত এখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার হাতে।
এসকে/টিকে