ধর্ম-বর্ণ-গোত্র নয়, সবার জন্য সমান সেবা অব্যাহত রাখব : হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না। নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সবার জন্য সমানভাবে সেই সেবা অব্যাহত রাখব।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার কালি মন্দিরে আয়োজিত বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক সম্প্রীতি, অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু অভিন্ন থাকবে।
আমি খবর পেয়েছি আপনাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়। আপনাদের ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব যেন অনাড়ম্বর করা না হয় সেজন্য আপনাদের ভয়ভীতি দেখানো হয়।’
তিনি আরো বলেন, ‘আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি। যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিশ্চিত করব।
সুতরাং ধর্মীয় বিশ্বাস ভিন্ন থাকা সত্ত্বেও সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের মেলবন্ধন অটুট থাকবে। আগামী ২২তম পুনর্মিলন প্রশাসনিক, অর্থনৈতিক যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমার পক্ষ থেকে করা হবে।’
আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের সব ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ