বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ববাজারে সোনার ঊর্ধ্বগতি দেখা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়। আর এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২ দশমিক ৭০ ডলারে।
গোল্ডম্যান স্যাকস জানায়, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় পুনরায় গতি পেলে এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে সুদহার হ্রাসের প্রেক্ষিতে বিনিয়োগ বাড়ালে চলতি বছরে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়তে পারে।
স্পট রুপা ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮০ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়। স্পট প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ হাজার ১১৭ দশমিক ৬৬ ডলারে এবং প্যালাডিয়াম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭২৩ দশমিক ২৫ ডলারে ওঠে।
এদিকে, বাংলাদেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
এমআর/টিকে