কী কারণে ২০০ নেকড়ে হত্যার অনুমতি দিল ফ্রান্স?
ছবি: সংগৃহীত
১০:৩০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
নেকড়ের আক্রমণে ভয়ংকর ক্ষতির মুখে পড়েছেন ফ্রান্সের কৃষকেরা। গত বছর মাত্র একটি অঞ্চলে ৮৫০টি ভেড়া খেয়ে ফেলেছে নেকড়ের দল। এ অবস্থা থেকে উত্তরণে দেশটির কর্তৃপক্ষ ২০০ নেকড়ে মারার অনুমতি দিয়েছে।
শুক্রবার কৃষিমন্ত্রী আনি জেনেভার্ড জানান, দেশে বর্তমানে এক হাজারের বেশি ভয়ংকর নেকড়ে আছে। নেকড়ের সংখ্যা বাড়ায় ফসলি এলাকা ও শহরের কাছাকাছি অঞ্চলও প্রভাবিত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে নেকড়ে মারার সীমা ১৯ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও বাড়িয়ে ২৩ শতাংশ করা যেতে পারে।
জেনেভার্ড আরও বলেন, নেকড়ের কারণে পশুপালন খাতে ক্ষতি বেড়েই চলেছে। যা চাষিদের মানসিক চাপ ও কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে।
ফ্রান্সে গত বছর নেকড়ে কেন্দ্র করে চাষি ও প্রাণী সংরক্ষণ সংস্থাগুলো মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। নেকড়ের সংখ্যা ও পশুদের ওপর আক্রমণ বাড়ার প্রেক্ষাপটে ইউরোপীয় সংসদে এ বিষয়ে ভোট আয়োজন করা হয়। ভোটের মাধ্যমে চাষিদের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত মে মাসে ইউরোপীয় আইনপ্রণেতারা নেকড়ের অবস্থান ‘কঠোরভাবে সংরক্ষিত’ থেকে ‘সংরক্ষিত’ পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। এর অর্থ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো নেকড়ে শিকার অনুমোদন দিতে পারবে, তবে প্রাণী বিপন্ন হওয়ার ঝুঁকি এড়াতে পদক্ষেপ নিতে হবে। ২০২৩ সালে ইইউ-তে নেকড়ের সংখ্যা প্রায় ২০,৩০০, যা পশুপালনে ক্ষতি বাড়াচ্ছে।
ফ্রান্সে নেকড়ের সংখ্যা বেড়ে আলপসের কিছু বিচ্ছিন্ন উপত্যকায়ও ফিরে এসেছে। এসব এলাকায় তাদের চলাচল ছিল প্রায় একশ বছর আগে।
কৃষিমন্ত্রী জেনেভার্ড উদাহরণ দিয়ে বলেন, হোট-মার্ন কেন্দ্রীয় অঞ্চলে, ন্যান্সি, ডিজঁ ও ট্রোয়ার মতো শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে নেকড়েরা উৎপাত চালিয়ে যাচ্ছে। গত বছর চাষিদের ৮৫০টি ভেড়া নেকড়ের আক্রমণে প্রাণ হারিয়েছে।
সূত্র: রয়টার্স
এমআর/টিকে