আদালতে বাংলার ব্যবহারসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষার আহ্বান
ছবি: সংগৃহীত
১২:৫৮ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
রেজাউল করীম বলেন, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্রভাষা প্রশ্নে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার নির্মম ও চূড়ান্ত রূপ ছিল ১৯৫২ এর একুশে ফেব্রুয়ারি। সংগ্রামে অর্জিত নিজ রাষ্ট্রের ভাষা হিসেবে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করতে বাধ্য হওয়া এবং সেই আন্দোলনে গুলি করে হত্যা করার মতো বর্বরতা আর হয় না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্র পরিচালনায় পাকিস্তানিদের স্বেচ্ছাচারিতা প্রাধান্য পাওয়ায় এই নির্মম ঘটনার শিকার হতে হয়েছে আমাদের রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুর সালামদের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, জান্নাতে তাদের উঁচু মাকামের জন্য প্রার্থনা করছি এবং তারাসহ ভাষা আন্দোলনে শরীক সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের পরে আজ পৌনে এক শতাব্দী হতে চললো কিন্তু আমাদের উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে এখনো বাংলা অপাঙ্ক্তেয় করে রাখা হয়েছে। ভাষা শহীদের প্রতি এর চেয়ে বড় অবজ্ঞা আর কিছু হতে পারে না। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দাবির পুনর্ব্যক্তি করছি যে, উচ্চ আদালত ও উচ্চ শিক্ষায় বাংলাকে পূর্ণ মর্যাদা দিয়ে ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিকাশ, চর্চা ও সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।
ইউটি/টিএ