রাজ চক্রবর্তীকে নিয়ে কী বলেছিলেন খরাজ?
ছবি: সংগৃহীত
০৮:৪০ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায়। দীর্ঘ অভিনয়জীবনে কখনও কৌতুক, কখনও চরিত্রাভিনয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার মুক্তি পেল ‘আবার প্রলয় ২’-এর সরকারি ঝলক, আর সেখানে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন এই অভিনেতা। পুলিশের পোশাকে দৃঢ়, কঠোর এবং অ্যাকশনে ভরপুর এক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
ঝলক প্রকাশের অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে খরাজ শোনালেন অভিমানের এক পুরনো গল্প। পরিচালক রাজ চক্রবর্তী-কে ঘিরেই সেই আক্ষেপ। অভিনেতার ভাষ্য, এক চলচ্চিত্র উৎসবে শিল্পীদের আলোচনায় তিনি মজা করেই বলেছিলেন রাজ যখন কেবল পরিচালক ছিলেন, তখন নিয়মিত তাঁকে অভিনয়ে নিতেন, কিন্তু প্রযোজক হওয়ার পর আর ডাকেন না। কথাটা ছিল অভিমান মেশানো ঠাট্টা। কিন্তু সেই কথাই যে এমন মোড় নেবে, তা তিনি ভাবেননি।
খরাজ জানান, কিছুদিনের মধ্যেই রাজ নিজে ফোন করে বলেন, তাঁর জন্য একটি চরিত্র রাখা আছে, যা তাঁকেই করতে হবে। হাসতে হাসতেই খরাজ বলেন, তখন বুঝতে পারেননি বিষয়টি যেন একপ্রকার প্রতিশোধের রূপ নেবে। কারণ এই চরিত্রে তাঁকে করতে হয়েছে দৌড়ঝাঁপ, লাফালাফি, মারপিট সবকিছুই। যদিও গল্পের প্রয়োজনে, কারণ তিনি এখানে একজন পুলিশ কর্মকর্তা।
পুলিশের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে খরাজের মন্তব্য, এতবার তিনি পুলিশের পোশাক পরেছেন যে হয়তো বাস্তবের কোনো পুলিশ কর্মকর্তাও জীবনে এতবার ইউনিফর্ম পরেননি। তবু এই চরিত্র তাঁর কাছে আলাদা চ্যালেঞ্জ হয়ে এসেছে। বয়সের এই পর্যায়ে এমন কসরত সহজ নয়, কিন্তু চরিত্রের তাগিদেই নিজেকে উজাড় করে দিয়েছেন।

এই ধারাবাহিকে খরাজের পাশাপাশি পুলিশের ভূমিকায় থাকছেন রোহন ভট্টাচার্য। আগের পর্বের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ ভৌমিক-কে। আরও রয়েছেন ওম সাহানি, জুন মালিয়া, লোকনাথ দে ও অনুজয় ভট্টাচার্য।
অ্যাকশন ঘরানার এই ছবিতে গ্ল্যামারের উপস্থিতিও থাকছে। একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে। অন্যদিকে শাড়ি পরেই অ্যাকশনে অংশ নিতে দেখা যাবে সৌরসেনী মৈত্র-কে। আর ‘প্রলয়’ মানেই যাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে, সেই শ্বাশত চট্টোপাধ্যায়-এর উপস্থিতিও থাকছে এই পর্বে।
অভিমান থেকে শুরু হয়ে চ্যালেঞ্জের মঞ্চে দাঁড়ানো সব মিলিয়ে ‘আবার প্রলয় ২’-এ খরাজ মুখোপাধ্যায়ের এই নতুন রূপ নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। দীর্ঘদিন পর তাঁকে এমন তীব্র, অ্যাকশনভিত্তিক চরিত্রে দেখে কতটা সাড়া মিলবে, সেটাই এখন দেখার।
পিআর/টিকে