বিয়ের পর শ্বশুরবাড়িতে শ্যামৌপ্তির প্রথম পা দেয়ার ভিডিও শেয়ার করলেন রণজয়
ছবি: সংগৃহীত
০৮:৪৭ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেমের দিনে প্রেমকেই সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়ার পর থেকেই নেটদুনিয়ায় তাঁদের বিয়ের আবহ যেন কাটতেই চায় না। বিয়ে, বউভাত, আইবুড়ো ভাত একটির পর একটি ছবি ও ভিডিওতে ভেসে উঠছে নবদম্পতির মিষ্টি মুহূর্ত। সেই তালিকায় এবার যোগ হল শ্যামৌপ্তির গৃহপ্রবেশের আবেগঘন দৃশ্য।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একাধিক ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন রণজয়। সেখানে দেখা যায়, আলতা রাঙা পায়ে স্বামীর বাড়িতে প্রবেশ করছেন শ্যামৌপ্তি। গায়ে বিয়ের শাড়ি, সামনে কাঁসার থালায় দুধ ও আলতা, ছড়িয়ে থাকা গোলাপের পাপড়ি সব মিলিয়ে যেন চিরাচরিত বাঙালি রীতির এক মায়াবী ছবি। লাল পাড়ের সাদা শাড়ি পাতা মেঝের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নববধূ। কোলে কলসি, পাশে বিয়ের জোড়া। আশীর্বাদের আসনের সামনে দাঁড়াতেই যেন বিষ্ণু পরিবারে গৃহলক্ষ্মীর আগমনে উৎসবের আবহ।
গৃহপ্রবেশের সেই ভিডিও ঘিরেই আবেগঘন হয়ে ওঠেন রণজয়। লেখেন, তাঁর ‘উমা’-র গৃহপ্রবেশ, সঙ্গে তাঁর পরিবার। রসিকতা করে জানান, পরিবারের আকার এতটাই বড় যে আলাদা একটি জেলা ঘোষণা করলেও নাকি চলে। ছবিগুলি পরিবারের বিভিন্ন সদস্যের কাছ থেকে সংগ্রহ করা হলেও, গৃহপ্রবেশের ভিডিওটি একমাত্র তিনিই ধারণ করেছেন বলেও জানান অভিনেতা। তাঁর কথায়, এই কাজের জন্য তিনিই সেরা।
অভিনয়জীবনের শুরু থেকে রণজয়ের নাম জড়িয়েছে একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে। এক সময় সোহিনী সরকার-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর তাঁর জীবনে আসেন শ্যামৌপ্তি। জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি-তে পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবেও রূপ নেয়। প্রেম থেকে পরিণয় সব পথই যেন ধরা দিল এক সুতোর বাঁধনে।

বিয়ের প্রতিটি পর্বেই প্রাণখোলা উচ্ছ্বাসে দেখা গেছে রণজয়কে। গায়ে হলুদ থেকে মূল বিয়ের আসর, সর্বত্র নেচে মাতিয়েছেন তিনি। আর তাঁর সেই উচ্ছ্বাসের পাশে কিছুটা লাজুক ভঙ্গিতেই ছিলেন শ্যামৌপ্তি। সিঁদুর পরানোর পর হাঁটু গেড়ে বসে স্ত্রীকে প্রস্তাব দেওয়ার মুহূর্তও নজর কেড়েছে অনুরাগীদের।
সব মিলিয়ে, প্রেম দিবসে শুরু হওয়া এই নতুন জীবনের গল্পে যেমন আছে ভালোবাসা, তেমনি রয়েছে পারিবারিক উষ্ণতা। আর শ্যামৌপ্তির গৃহপ্রবেশের সেই ভিডিও যেন সেই ভালোবাসাকেই আরও একবার স্পষ্ট করে দিল।
পিআর/টিকে