টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের রেফারি ও আম্পায়ারদের নাম ঘোষণা
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
আইসিসি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের এই দ্বিতীয় পর্ব। তথ্য জিও সুপারের।
সুপার এইটের জন্য এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স ও আইসিসি এমার্জিং আম্পায়ার্স গ্রুপ থেকে মোট ১৬ জন আম্পায়ার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের চার সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোতে সুপার এইটের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রডনি টাকার ও পল রাইফেল।
টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আল্লাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার হবেন সাম নোগাজস্কি।

২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচে আবারও মাঠে দায়িত্ব পালন করবেন টাকার, তার সঙ্গে থাকবেন নোগাজস্কি। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নোগাজস্কি ও নিতিন মেনন।
দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক শ্রীলঙ্কার ম্যাচগুলোতে আম্পায়ারিং করবেন। ২২ ফেব্রুয়ারি ক্যান্ডিতে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা এবং পাঁচ দিন পর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন। ২৫ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন পালেকার ও আসিফ ইয়াকুব।
সহ-আয়োজক ভারত ও দক্ষিণ আফ্রিকার হাই-ভোল্টেজ ম্যাচে থাকবেন ক্রিস গ্যাফানি। সঙ্গে থাকছেন রিচার্ড কেটলবরো। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স রাফ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।
১ মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও গ্যাফানি ও রাফ দায়িত্ব পালন করবেন। ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে জিম্বাবুয়ে ম্যাচে মাঠে থাকবেন রাফ ও কেটলবরো।
সম্প্রতি অস্ট্রেলিয়া বনাম ওমান ম্যাচে নিজের ৫০তম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের মাইলফলক স্পর্শ করেছেন কুমার ধর্মসেনা। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের এই সাবেক অলরাউন্ডার ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে এবং ১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে ম্যাচে কেটলবরোর সঙ্গে দায়িত্ব পালন করবেন।
চমক দেখিয়ে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে, তারা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচে দায়িত্বে থাকবেন ইলিংওয়ার্থ ও জয়রামন মদনগোপাল।
ম্যাচ রেফারি:
রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ।
আম্পায়ারদের তালিকা:
রডনি টাকার, পল রাইফেল, আল্লাহউদ্দিন পালেকার, স্যাম নোগাজস্কি, নীতিন মেনন, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, আসিফ ইয়াকুব, রিচার্ড কেটলবরো, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স রাফ, ক্রিস ব্রাউন, রিচার্ড ইলিংওয়ার্থ, জয়ারামন মাদানাগোপাল, শহীদ সৈকত ও কুমার ধর্মসেনা।
এসএস/টিএ