বিশ্বকাপ খেলতে না পেরে কোমায় চলে যাইনি: সাইফ হাসান
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পেরে মানসিক কোমায় চলে গিয়েছিলেন দুই ক্রিকেটার-গতকাল সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
এর পরপরই একই ইস্যুতে ফেসবুকে এক বার্তা দেন সাইফ হাসান। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে হৃদয় ভেঙেছে বলে জানান সাইফ। তার এই পোস্টের পর সালাহ উদ্দীনের ওই মন্তব্যের সত্যতা বেড়ে যায় ভক্তদের কাছে।

নেটিজেন এবং ভক্তরা ধরেই নেয়, কোমায় চলে যাওয়া ওই দুই ক্রিকেটারের একজন সাইফ। তবে এই ব্যাটার জানালেন, কোমায় চলে যাওয়া ক্রিকেটারের তালিকায় তিনি নেই।
আজ রাজশাহীতে সংবাদমাধ্যমকে সাইফ হাসান বলেছেন, ‘জানি না স্যার (মোহাম্মদ সালাহ উদ্দীন) কাকে নিয়ে বলেছেন। কিন্তু আমি তো না, আমি কোমায় যাইনি। যারা দলে ছিল সবাই কষ্ট পেয়েছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পেরে)। এটা অস্বীকার করার কিছু নেই।’
সাইফ আরো বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখিনি। আর নিজেকে ওভাবে মোটিভেট করার চেষ্টা করছি, এখন চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আছে, যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার। আর নিজেকে একটা ভালো অবস্থায় আনার।’
গতকাল সাংবাদিকদের সালাহ উদ্দীন বলেছিলেন, ‘দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ২৭ বছরের স্বপ্ন এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিলেন। আমি তো জানি আমার দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় নাকি হারিয়ে গিয়েছিল।
তাকে যে টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সফলতা।’
উল্লেখ্য, নিরাপত্তা ঝুঁকির কারণে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে দল পাঠাতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
আরআই/টিকে