বাবর ও শাদাবদের নিয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সমালোচনা সত্ত্বেও পাকিস্তানের একাদশে জায়গা ধরে রেখেছেন বাবর আজম ও শাদাব খান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে একটি পরিবর্তন নিয়ে নামছে তারা। খাজা নাফায় খেলছেন না, একাদশে এসেছেন ফখর জামান।
কলম্বোর এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সালমান আলী আগার পাকিস্তান। আগের ম্যাচের মতো শাহিন শাহ আফ্রিদি একাদশের বাইরেই আছেন। নিউজিল্যান্ড তাদের একাদশে পরিবর্তন এনেছে তিনটি।

বিশ্বকাপের মাঝপথে পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন। শুধু কানাডার বিপক্ষে ম্যাচটি মিস করেন তিনি। এই পেসার ২৪ ঘণ্টার মতো হলো দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে নিয়েই একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। একাদশে ঢোকা অন্য দুজন হলেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার। বাদ পড়েছেন কোল ম্যাককঞ্চি, কাইল জেমিসন ও জ্যাকব ডাফি।
টস হয়ে গেলেও ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। ম্যাচটিকে ঘিরে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। শঙ্কাই সত্যি হলো। টসের পরপর বৃষ্টি নামায় উইকেট কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড একাদশ
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান তারিক।
এমআর/টিকে