© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

শেয়ার করুন:
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহত হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে।

চৌগাছা পৌরশহরেও তার বাড়ি রয়েছে। শনিবার বিকেলে তিনি ছুটি নিয়ে (পাসআউট) নিজের মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যুর সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন