© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের প্রয়োজনে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব: পানিসম্পদ মন্ত্রী

শেয়ার করুন:
দেশের প্রয়োজনে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব: পানিসম্পদ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বিরোধী দলের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত টাউন হল মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শপথ অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম যেদিন আমরা শপথ নেব, সেদিন বিরোধী দল উপস্থিত থাকবে। তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে। প্রথম দিন থেকেই আমরা সেই আশা নিয়ে বসে আছি এবং সামনের দিনগুলোতেও থাকব। একটা সরকারের শপথ নেয়ার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু হয়। সেদিন যদি বিরোধী দল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকত, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দর হতো। হয়তো অতটুকু চিন্তা ওনারা করেন নাই, কিন্তু এখন থেকে বিরোধী দলকে চিন্তা করতে হবে।’
 
বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘ভোটের পরিবেশ কেমন ছিল, ভোটটা কেমন হয়েছে, কতটুকু চ্যালেঞ্জ নিয়ে আমরা ভোট করেছি যার যার অবস্থান থেকে এটা ছিল দৃশ্যমান। কিন্তু ভোট হওয়ার দিন থেকেই যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদেরকে আহত করে। এই বক্তব্যটি না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াটা একটা দৃষ্টান্ত হতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের মতের পার্থক্য থাকবে, মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব।’
 
লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী এ্যানি বলেন, ‘কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাবের কারণে কোনো সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এই সুযোগ লক্ষ্মীপুরে থাকবে না। আমার ওপর ন্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত। এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আমি সজাগ এবং সতর্ক আছি।’
 
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদের দুটি সভায় উনার বক্তব্য এবং কথাগুলো শোনার সুযোগ হয়েছে। উনি বড় একজন পাহারাদার হিসেবে দেশের জন্য কাজ করবেন বলে আমার বিশ্বাস হয়েছে। উনি সততাকে বেশি মূল্যায়ন করবেন বা করছেন। প্রথম দিন থেকেই উনি প্রত্যেকটি মন্ত্রণালয়, মন্ত্রী ও ডিপার্টমেন্টের ব্যাপারে অ্যাকটিভ।’
 
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানসহ অনেকে।

এমআই/টিকে 

মন্তব্য করুন