© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

শেয়ার করুন:
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম শুকুর পাটোয়ারী। আলাউদ্দিন অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন আলাউদ্দিন।

টিজে/টিকে 

মন্তব্য করুন