'স্কাই ফোর্স'- এর পর এবার রোমান্টিক ঘরানায় বীর পাহাড়িয়া!
ছবি: সংগৃহীত
০৪:২৮ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বড় পর্দায় অভিষেকের পর আর দেরি করছেন না বীর পাহাড়িয়া। যুদ্ধভিত্তিক ছবি ‘স্কাই ফোর্স’- এ আত্মপ্রকাশের পর এবার একেবারে ভিন্ন ঘরানায় পা রাখছেন তিনি। নতুন ছবিতে তাঁকে দেখা যাবে সমসাময়িক প্রেমের কাহিনিতে, যেখানে তাঁর বিপরীতে থাকছেন নবাগত আফিয়া সৈয়দ। তিনি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা- এর ভাতিজি বলেও জানা গেছে।
উচ্চমাত্রার যুদ্ধনির্ভর কাহিনি থেকে হালকা মেজাজের রোমান্টিক গল্পে এই বদলকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। অভিনয়ের পরিসর বাড়াতে এবং তরুণ দর্শকের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বীর। অন্যদিকে আফিয়ার জন্য এটি পরিকল্পিত অভিষেক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবিটি প্রযোজনা করছেন গৌরব ভার্মা, যিনি একসময় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট- এর প্রধান ছিলেন এবং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন। স্বাধীন প্রযোজক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি। ফলে শুরু থেকেই এই প্রকল্প ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। বড় আয়োজনে প্রেক্ষাগৃহমুখী ছবি হিসেবে এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

পরিচালনার দায়িত্বে থাকছেন অপূর্ব সিং কার্কি। তাঁর পরিচালিত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ সমালোচকদের প্রশংসা কুড়ালেও বাণিজ্যিক সাফল্য তেমন পায়নি। তাই এই প্রেমঘন ছবিকে অনেকেই তাঁর জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন, যেখানে গল্পের গভীরতার সঙ্গে দর্শক টানার উপাদান মিলিয়ে দেওয়ার চেষ্টা থাকবে।
নতুন প্রজন্মের দুই মুখকে একসঙ্গে নিয়ে এই আয়োজনকে ইন্ডাস্ট্রির বড় বাজি বলেই মনে করা হচ্ছে। একদিকে সদ্য আত্মপ্রকাশ করা নায়ক, অন্যদিকে শক্তিশালী প্রযোজনা পরিবারের উত্তরসূরি নায়িকা- সব মিলিয়ে শুরু থেকেই কৌতূহল তৈরি হয়েছে। খুব শিগগিরই শুটিং শুরুর কথা রয়েছে। এখন দেখার, অন্দরমহলের আলোচনা প্রেক্ষাগৃহে কতটা সাড়া ফেলে।
এসকে/টিএ