বার্সেলোনার উন্নতির লম্বা তালিকা দিলেন ফ্লিক
ছবি: সংগৃহীত
০২:০২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
হুট করে দলের ছন্দপতনের কারণ খুঁজে পেয়েছেন হান্সি ফ্লিক। ঘুরে দাঁড়াতে কোথায় উন্নতি প্রয়োজন, ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ।
ভিন্ন প্রতিযোগিতায় আতলেতিকো মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে টানা দুই হারের পর জয়ে ফিরতে উন্মুখ বার্সেলোনা। লা লিগায় রোববার লেভান্তের বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়নরা। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উন্নতি প্রয়োজন, এমন বিষয়ের লম্বা তালিকা দিয়েছেন ফ্লিক।

“উল্লেখ করার মতো অনেক বিষয়ই আছে, সেগুলো ক্রমাগত বদলাচ্ছেও। আমরা খুব ঘনঘন বলের দখল হারাচ্ছি। প্রতিপক্ষের আক্রমণের সময় আমরা জায়গা কাভার করতে, রক্ষণে ভালো করতে ভোগান্তিতে পড়ছি।”
“যদি আমরা অনেক বেশি বল হারাই এবং ভালো জায়গায় না থাকি, তাহলে আমরা অনেক ফাঁকা জায়গা রেখে দেব। এগুলো কেবলই কিছু বিষয়, এমন আরও অনেক আছে। এর বাইরে আমরা বল হারানোর পর ভালোভাবে প্রতিক্রিয়া দেখাতে পারছি না এবং ফাঁকা জায়গার সুবিধা নিতে পারছি না।”
লা লিগায় এক সময়ে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে পরে পিছিয়ে পড়েছে তারা। তবে শনিবার ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায়, লেভান্তের বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে কাতালান দলটি।
২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল।