© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয়াবহ হুমকির মুখে রণবীরের নিরাপত্তা জোরদার

শেয়ার করুন:
ভয়াবহ হুমকির মুখে রণবীরের নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড তারকা রণবীর সিংকে ২০ কোটি রুপি চাঁদা দাবি করে হুমকি দেওয়ার ঘটনায় তদন্ত জোরদার করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য হিসেবে পরিচিত হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে ‘সীমান্ত সতর্কতা’ নোটিশ জারি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

মুম্বাই পুলিশের সাউথ রিজিয়ন সাইবার সেল সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি রণবীর সিংয়ের ম্যানেজার বিজয় সুব্রহ্মণ্যমের কাছে একটি আন্তর্জাতিক নম্বর থেকে একাধিক হুমকির ফোন পান।। ফোন না ধরায় একই নম্বর থেকে তিনটি ভয়েস নোট পাঠানো হয়। সেখানে নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে ২০ কোটি রুপি দাবি করা হয় এবং টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

তদন্তে জানা গেছে, ভয়েস নোটটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নম্বর থেকে পাঠানো হয়েছিল যার কোড +৩৪০। এটি ভার্জিন আইল্যান্ডস অঞ্চলের নম্বর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই করতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারীরা।



এ ঘটনায় আন্ডারওয়ার্ল্ড ডন লরেন্স বিষ্ণোই চক্রের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কণ্ঠস্বর বিশ্লেষণে তা হ্যারি বক্সারের সঙ্গে মিল পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সাউথ রিজিয়ন সাইবার সেল আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করে এবং লুকআউট নোটিশ জারি করে।

পুলিশের একটি সূত্র জানায়, ‘হ্যারি বক্সার বর্তমানে কানাডায় আত্মগোপনে থাকতে পারে, এমন তথ্য আমরা পেয়েছি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও সাইবার সেল যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

হুমকির ঘটনার পর রণবীর সিংয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার বাসভবন, শুটিং সেট ও যাতায়াতের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। বড় বাজেটের এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে হুমকির ঘটনায় নিরাপত্তা ও প্রচারণা কার্যক্রমে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

তদন্ত এখনো চলমান। আন্তর্জাতিক যোগাযোগ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে মুম্বাই পুলিশ।

আইকে/টিএ

মন্তব্য করুন