© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে: আখতার

শেয়ার করুন:
যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে: আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুরের কাউনিয়ায় সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সফর ঘিরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন-পরবর্তী হামলা ও ভাঙচুরের শিকার নেতা-কর্মীদের দেখতে আজ রোববার তিনি কাউনিয়া সফর করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বেলা ২টার দিকে রংপুর মহানগরীর পায়রা চত্বর হয়ে হারাগাছ পৌঁছান। সেখানে তিনি নির্বাচন-পরবর্তী সহিংসতায় নেতা-কর্মীদের বাড়িঘর পরিদর্শন করেন।

অপর দিকে তার সফরের প্রতিবাদে বিএনপির পরাজিত প্রার্থীর নেতা-কর্মীরা হরতাল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে এ সফরকে ঘিরে কোনো কিছু হলে তার দায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপিকে নিতে হবে বলে জানিয়েছেন আখতার হোসেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে, তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।’

এদিকে আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘আমি বর্তমানে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য পরিবারসহ ঢাকায় অবস্থান করছি। হারাগাছে কোনো কর্মসূচি বা কার্যক্রম নাই। আমার নাম ব্যবহার করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

এমদাদুল হক ভরসা আরও লেখেন, ‘রংপুর-৪-এর মানুষ জানে এবং দেখেছে। এই নির্বাচনে ভোট ও মাঠের বাস্তবতা, জনগণই এর সাক্ষী। আমাদের ওপর যে অন্যায় হয়েছে, সে বিষয়ে আমি আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মিথ্যা প্রচার দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না। আমি জনগণের ভোটের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ।’

এর আগে গতকাল শনিবার রাতে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ আসনের সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি প্রমুখ।

আইকে/টিএ

মন্তব্য করুন