© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তোমায় নেওয়া পরিচালকের ভুল সিদ্ধান্ত’, চুক্তির পরেও কেনো সিনেমা থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা!

শেয়ার করুন:
‘তোমায় নেওয়া পরিচালকের ভুল সিদ্ধান্ত’, চুক্তির পরেও কেনো সিনেমা থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ‘দেশি গার্ল’। কিন্তু বহু বছর বলিপাড়ার সিনেমাজগতের সঙ্গে যোগাযোগ নেই তাঁর। পাড়ি দিয়েছেন হলিউডে। কোনও পরিচিতি ছাড়া, স্বজনপোষণ ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কিন্তু বার বার ‘রাজনীতির শিকার’ হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‌অভিজ্ঞতা নিয়ে এমন অনেক কথা বললেন অভিনেত্রী।

২০০২ সালে তামিল ভাষার ছবি ‘থামিজান’-এর মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। পরের বছরেই ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিপাড়ায় আগমন হয়েছিল তাঁর। অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সে পথ বাধামুক্ত ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের পেশাজীবন নিয়ে আলোচনা করার সময় প্রিয়াঙ্কা জানান যে, তিনি বার বার বাধার সম্মুখীন হয়েছেন বলিপাড়ায়। বলিউডের ‘রাজনীতি’ দেখে তিনি মানসিক ভাবে ভেঙেও পড়েছিলেন।

প্রিয়াঙ্কা জানান যে, তিনি ‘সালাম-এ-ইশ্‌ক’ নামের ছবির শুটিংয়ের সেটে ছিলেন। সেই সময় আরও একটি হিন্দি ছবিতে অভিনয়ের কথা ছিল তাঁর। পরিচালকের প্রস্তাব গ্রহণ করে চুক্তিপত্রে সই করে ফেলেছিলেন অভিনেত্রী।



একটি ছবির শুটিং শেষ করে পরের ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তখনই বাদ সাধেন তাঁর সহ-অভিনেতা। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার জন্য ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির সেটে পৌঁছে গিয়েছিলেন অন্য ছবির সহ-অভিনেতা।

প্রিয়াঙ্কা তাঁর সহ-অভিনেতাকে সেটে আসতে দেখে ভেবেছিলেন যে, তিনি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। তা ভেবে খুশিও হয়েছিলেন তিনি। কিন্তু সেই সুখকর মুহূর্ত বেশি ক্ষণ স্থায়ী হয়নি।

প্রিয়াঙ্কার দাবি, চুক্তিপত্রে সই করা হয়ে গেলেও তাঁর পরের ছবির সহ-অভিনেতা সেটে এসে তাঁকে জানিয়েছিলেন যে, প্রিয়াঙ্কাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নৈতিক ভাবে এ কী করে সম্ভব তা প্রশ্ন করায় নায়িকাকে গোপন কথা জানিয়েছিলেন সহ-অভিনেতা। তা শুনে মন ভেঙে গিয়েছিল প্রিয়াঙ্কার।

প্রিয়াঙ্কাকে সেই সহ-অভিনেতা বলেছিলেন, ‘‘তোমায় ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া পরিচালকের ভুল সিদ্ধান্ত ছিল। ওঁর তো অন্য নায়িকাকে পছন্দ। ওই নায়িকার সঙ্গেই ছবিটা করব। কোনও ব্যাপার নয়। পরের কোনও ছবিতে আবার তোমার সঙ্গে কাজ করব।’’ এই বলে সেটে খাওয়াদাওয়া সেরে চলে গিয়েছিলেন বলি অভিনেতা।

প্রিয়াঙ্কার কথায়, ‘‘ইন্ডাস্ট্রিতে আসার পর আমি স্বজনপোষণ কথার অর্থই বুঝতাম না। আমার বাবা-মা যেমন চাইতেন যে, আমি কেরিয়ারে সফল হই, তেমন ভাবেই ইন্ডাস্ট্রির তারকারাও তাঁদের ছেলেমেয়েদের জন্য একই জিনিস চাইছেন। আমার কাছে বিষয়টা এমনই সহজ-সরল ছিল। কিন্তু পরে রাজনীতিটা বুঝতে শুরু করলাম।’’



প্রিয়াঙ্কা সাক্ষাৎকারে বলেন, ‘‘বলিউডে আমার কোনও চেনাজানা ছিল না। কেউ আমায় ছোটবেলা থেকে দেখেননি। চার বছর বয়স থেকে আমি কোনও ছবিনির্মাতার বাড়িতে ঘুরতে যেতাম না। ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল।’’

২২ বছরের প্রিয়াঙ্কা যখন ইন্ডাস্ট্রিতে নবাগতা, তখন থেকেই প্রত্যাখ্যান পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। একসময় পেশাবদলের চিন্তাভাবনা করতেও শুরু করেছিলেন তিনি। কিন্তু নিজের শৈল্পিকবোধের প্রতি বিশ্বাস হারাতে চাননি প্রিয়াঙ্কা। তাই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ না করার সিদ্ধান্তেই অটল ছিলেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘‘এমন বহু বার হয়েছে যে, কোনও ছবিতে আমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজিও হয়েছিলাম। পরমুহূর্তেই শুনেছি, সেই ছবিতে অন্য নায়িকা অভিনয় করবেন।’’
প্রিয়াঙ্কা ছবির নামোল্লেখ না করে জানান যে, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ছবিতে দু’জন অভিনেত্রীর থাকার কথা ছিল। পরে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে, তিনি মুখ্য চরিত্রে নন, বরং কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ ছবিতে বলি অভিনেতা ফারহান আখতারের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। এই ছবির সহ-প্রযোজনার দায়িত্বেও ছিলেন অভিনেত্রী। তার পর আর কোনও হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

একের পর এক হলিউডি ছবির পাশাপাশি বিদেশি ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। বহু বছরের বিরতির পর এস. এস. রাজামৌলি পরিচালিত দক্ষিণী ছবি ‘বারাণসী’র হাত ধরে ভারতীয় ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ২০২৭ সালে সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

হিন্দি ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় কবে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়। ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জ়রা’ ছবিতে আলিয়া ভট্ট এবং ক্যাটরিনা কইফের সঙ্গে অভিনয় করার কথা প্রিয়াঙ্কার। তবে সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন