© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাম ডুবাচ্ছে তাপসীর নতুন সিনেমা!

শেয়ার করুন:
নাম ডুবাচ্ছে তাপসীর নতুন সিনেমা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে হিন্দি ছবির জগতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন তাপসী পান্নু। ২০১০ সালে তেলুগু ছবি জুম্মানদি নাদাম দিয়ে অভিষেকের পর একের পর এক কাজ করেছেন তিনি। পরের বছর তামিল ছবি আডুকালাম তাঁকে এনে দেয় আলাদা পরিচিতি। একই সময়ে তেলুগু ভাষায় একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। পরবর্তী সময়ে তামিল ও তেলুগু মিলিয়ে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষিণী অঙ্গনে।

২০১৯ সালে তামিল-তেলুগু দ্বিভাষিক ছবি গেম ওভার তাঁকে নতুন মাত্রায় পৌঁছে দেয়। এরপর ধীরে ধীরে হিন্দি ছবিতে হয়ে ওঠেন পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে ডানকি ছবিতে শাহরুখ খান–এর বিপরীতে অভিনয় করে ফের আলোচনায় আসেন তাপসী। তাঁর অধিকাংশ ছবিই পেয়েছে বাণিজ্যিক সাফল্য।

তবে সময়টা যেন হঠাৎ করেই বদলে গেছে। ২০ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত নতুন ছবি আসসি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। পরিচালক অনুভব সিনহা নির্মিত এই আদালতকেন্দ্রিক নাট্যধর্মী ছবিতে মুখ্য ভূমিকায় আছেন তাপসী পান্নু। মুক্তির প্রথম তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৪ কোটি ১০ লাখ রুপি, যা অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম বড় ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে।

প্রথম দিনে আয় ছিল ১ কোটি রুপি। দ্বিতীয় দিনে কিছুটা বেড়ে তা পৌঁছায় ১ কোটি ৬০ লাখে। তৃতীয় দিন রোববার আয় হয় আনুমানিক ১ কোটি ৫০ লাখ রুপি। সাধারণত সপ্তাহান্তে আয় বাড়ার প্রবণতা থাকলেও এখানে তেমন উল্লম্ফন দেখা যায়নি। ফলে প্রথম সপ্তাহান্তের সংগ্রহ সীমিত পর্যায়েই আটকে থাকে।



ছবিটিতে তাপসীর পাশাপাশি অভিনয় করেছেন কানি কুসরুতি, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র ও মোহাম্মদ জীশান আয়ুব। সমাজের কঠিন বাস্তবতা, বিশেষ করে নারীর প্রতি সহিংসতার বিষয়টি ছবিজুড়ে তুলে ধরা হয়েছে। ভারতে প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়—এই তথ্যকে কেন্দ্র করেই নির্মাতা দর্শকের বিবেককে নাড়া দিতে চেয়েছেন।

দর্শক প্রতিক্রিয়া একেবারে নেতিবাচক না হলেও প্রেক্ষাগৃহে প্রত্যাশিত ভিড় নেই। বিশ্লেষকদের মতে, সীমিত প্রচারণা ও মুক্তি ঘিরে কম আলোচনাই এর বড় কারণ। এর আগে অনুভব সিনহা ও তাপসীর যৌথ ছবি থাপ্পড় মুক্তির প্রথম সপ্তাহান্তেই প্রায় ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল এবং শেষ পর্যন্ত প্রায় ৩০ কোটি রুপি সংগ্রহ করে সাফল্য পায়। সেই তুলনায় নতুন ছবিটি অনেকটাই পিছিয়ে।

এখন ছবিটির সামনে বড় চ্যালেঞ্জ সপ্তাহের মাঝামাঝি আয় ধরে রাখা এবং দ্বিতীয় সপ্তাহান্তে নতুন গতি পাওয়া। বড় বাজেটের নতুন ছবি মুক্তির আগে কিছুটা সময় থাকলেও দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে আয় বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই। তাপসী পান্নুর জন্যও এটি হতে পারে ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়।

এমকে/টিএ

মন্তব্য করুন