মধ্যরাতে পরিবারকে নিয়ে অপরাজিতার জন্মদিন পালন
ছবি: সংগৃহীত
০৯:০৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনয়ের পাশাপাশি প্রাণখোলা মানুষ হিসেবেও সমান জনপ্রিয় অপরাজিতা আঢ্য। সবসময় হাসিমুখে সকলের সঙ্গে মিশে যাওয়ার সহজাত স্বভাবই তাঁকে আলাদা করে দেয়। এবার জন্মদিন উদযাপন করলেন একেবারে ভিন্ন আবহে। পরিবার, স্বামী এবং শাশুড়িকে পাশে নিয়ে মধ্যরাতে কেক কেটে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন অভিনেত্রী।
ফুল ও বেলুনে সাজানো ঘরে গোলাপি রঙের গাউন পরে কেক কাটেন তিনি। কেকের নকশাতেও ছিল চমক। পুরনো দিনের সাজঘরের টেবিলের আদলে তৈরি সেই কেকে ফাউন্ডেশন, ব্লাশার, লিপস্টিক থেকে হাইলাইটার, সবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। আয়নার অংশে ছিল অপরাজিতার নিজের ছবি, যা পুরো নকশাকে আরও জীবন্ত করে তোলে।
তবে কেক কাটার পর সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল শাশুড়ির ঠোঁটে স্নেহের চুমু। সেই দৃশ্যে স্পষ্ট হয়ে ওঠে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। অনেক সময় স্বামীর চেয়েও শাশুড়ির সঙ্গে তাঁর সখ্যতা বেশি,এমন মন্তব্যও ভেসে এসেছে অনুরাগীদের কাছ থেকে।

জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অপরাজিতা লেখেন, আজ তাঁর জন্মদিন। ফ্রেমে থাকা মানুষগুলো তাঁর জীবনের ভরসা। বৃষ্টিতে ছাতা, অন্ধকারে প্রদীপ, হতাশায় নীরব আশ্রয়। আর যারা ছবিতে নেই, তারাও হৃদয়ের গভীর আলো। তাঁদের ভালোবাসাতেই তিনি প্রতিদিন নতুন করে জন্মান বলে জানান অভিনেত্রী।
উল্লেখ্য, ‘জেনারেশন আমি’ থেকে ‘চিনি’—বিভিন্ন চরিত্রে স্বচ্ছন্দ অভিনয়ে দর্শকের মন জিতেছেন অপরাজিতা। পুরনো দিনের স্নেহময়ী মা হোক কিংবা আধুনিক মানসিকতার শাশুড়ি—পর্দায় তিনি মানেই আলাদা এক মাত্রা। বাস্তব জীবনেও সেই উজ্জ্বলতাই যেন আরও একবার ধরা দিল তাঁর জন্মদিনের উদযাপনে।
এসএন