মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজনীতির ইঙ্গিত না সৌজন্য সাক্ষাৎ!
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ–এর সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। অভিনেতার বাবা সুনীল দত্ত একসময় কংগ্রেস নেতা হিসেবে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। অন্যদিকে সঞ্জয় নিজেও একসময় সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন, যদিও তা ছিল স্বল্প সময়ের জন্য। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি আবার রাজনীতিতে ফেরার কথা ভাবছেন?

লখনউয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজের অনুভূতি সমাজমাধ্যমে ভাগ করে নেন সঞ্জয়। একটি ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-পাজামার ওপর গেরুয়া ও সবুজের মিশেলে উত্তরীয় পরে যোগীর সঙ্গে করমর্দন করছেন তিনি। ছবির ক্যাপশনে সঞ্জয় জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর খুব ভালো লেগেছে। তাঁদের মধ্যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার আদানপ্রদান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে এই সাক্ষাতের নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছুই স্পষ্ট করেননি অভিনেতা। ফলে কৌতূহল আরও বেড়েছে। দিন কয়েক আগে একটি নতুন গাড়ি কিনেছেন সঞ্জয়। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা–র সাইবারট্রাক সংগ্রহ করেছেন তিনি। মুম্বইয়ের রাস্তায় সেই গাড়ি চালাতেও দেখা গেছে তাঁকে।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সঞ্জয়। সম্প্রতি প্রভাস–এর ছবি ‘রাজা সাব’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর আগে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতেও দেখা গেছে তাঁকে। জানা গেছে, চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’, সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সঞ্জয়।
সৌজন্য সাক্ষাৎ না কি অন্য কোনও ইঙ্গিত—এই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।
এসএন