রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে জিম্বাবুয়ের হার
ছবি: সংগৃহীত
১১:৩০ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আত্মবিশ্বাসে টইটম্বুর জিম্বাবুয়ে শিবির। কেননা, গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার দল। সুপার এইটে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও অবশ্য বেশ আত্মবিশ্বাসী। কারণ তারাও যে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই জিতেছে। ক্রিকেটপ্রেমীরা হয়তো আশা করেছিলেন, গ্রুপ পর্বের অপরাজিত দুই দলের লড়াইটা হবে জমজমাট।
তবে তা আর হলো কোথায়, পুরো ম্যাচটাই যে হলো একপেশে। আগে ব্যাট করে পাহাড়সহ লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ, আর সেই রানের পাহাড়েই চাপা পড়লো জিম্বাবুয়ে। ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই থেমেছে রাজাদের ইনিংস। আর তাতেই ১০৭ রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরুটা খুব বেশি ভালো করতে না পারলেও শেষটা অবশ্য ভালোই করেছে উইন্ডিজ। রেকর্ড বই তছনছ করে গড়লেন রানের পাহাড়।
১৯ বলেই ফিফটি তুলে নেন হেটমায়ার, যা ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ক্রিকেটারের দ্রুততম ফিফটি। ৭ টি করে ছক্কা ও চারে ৩৪ বলে করেন ৮৫ রান। রোভমান পাওয়েল করলেন ৩৫ বলে ৫৯, আর রাদারফোর্ড খেললেন ১৩ বলে ৩১ রারেন ক্যামিও। আর তাতেই ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আর চলমান বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
জবাব দিতে নেমে উড়ন্ত শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার মারুমানি ও ব্রায়ান বেনেট। তবে দলীয় ২০ রানের মাথায় থামতে হলো মারুমানিকে। দ্বিতীয় ওভারের শেষ বলে ৮ বলে ১৪ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান ম্যাথিউ ফোর্ড।
এসএস/টিএ