ওয়েস্ট ইন্ডিজের জয়ে ভারতের সেমিফাইনাল সমীকরণে বড় ধাক্কা
ছবি: সংগৃহীত
০৯:১৯ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এমনিতেই ব্যাকফুটে ভারত। ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধান তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো। নেট রানরেট স্বাস্থ্যকর রাখতে হলে ভারতকে অবশিষ্ট ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ শিমরন হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রানে ও রভম্যান পাওয়েল ঝড়ে ৬ উইকেটে ২৫৪ রান করে। জবাবে জিম্বাবুয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং গুডাকেশ মোটির বোলিং নৈপুণ্যে হার মানে একশ রানের বেশি ব্যবধানে।

আগামীকাল (বুধবার) চেন্নাইয়ে ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিকদের স্বস্তি ফেরাতে পারে।
প্রথম সমীকরণ: ভারত দুটি ম্যাচই যদি জেতে
ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা- উভয় দলই বড় জয় দিয়ে শুরু করায় ভারতের জন্য এখন আর কেবল ‘জয়’ যথেষ্ট নয়। ভারতের সামনে এখন মূলত দুটি পথ খোলা আছে। ভারত জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের বিপক্ষেই জয়লাভ করলে তাদের পয়েন্ট হবে ৪। এই অবস্থায় যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি সব ম্যাচ জেতে, তবে ভারত সরাসরি ২য় দল হিসেবে সেমিফাইনালে যাবে।
যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ভারত তাদের বাকি দুটি ম্যাচই জেতে, তবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত- তিন দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেমিফাইনালের দুই দল নির্ধারিত হবে নেট রানরেটের মাধ্যমে। ভারতের বর্তমান নেট রানরেট (-৩.৮০০) অত্যন্ত খারাপ হওয়ায়, তাদের আগামী ম্যাচগুলোতে বিশাল ব্যবধানে জিততে হবে।
জিম্বাবুয়ে ম্যাচে ভারতকে কেবল জিতলেই হবে না, বরং অনেক বড় ব্যবধানে জিতে নিজেদের নেট রানরেট উন্নত করতে হবে। এটিই ভারতের জন্য রানরেট বাড়ানোর সেরা সুযোগ।
দ্বিতীয় সমীকরণ: দুটি ম্যাচে ভারত যদি একটি জেতে
একটি হার মানেই বিদায়। যদি ভারত জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ- যেকোনো একটি ম্যাচে হেরে যায়, তবে তাদের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে।
জিম্বাবুয়ের কাছে পরাজিত হলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে। যদি দক্ষিণ আফ্রিকা বাকি ম্যাচগুলো জেতে এবং জিম্বাবুয়ের কাছে ভারত হারের পর ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে, তখন ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ তিন দলের সমান ২ পয়েন্ট থাকবে এবং নেট রানরেট ভাগ্য নির্ধারণ করবে। দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচ হারলে সূর্যকুমার যাদবের দল ছিটকে যাবে।
আরআই/টিকে