© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা একটু-আধটু পরিচিতি পেয়েছ, তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি: মধুবনী

শেয়ার করুন:
যারা একটু-আধটু পরিচিতি পেয়েছ, তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি: মধুবনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। অভিনয়ের পাশাপাশি নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তিনি ভ্লগের মাধ্যমে শেয়ার করেন। তবে এই ভ্লগিং নিয়েই বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে কিছু ভ্লগার ও সোশ্যাল মিডিয়া ইউজারের কাছ থেকে কটূক্তি শুনেছেন বলে অভিযোগ। এবার সেই সব ট্রোলারদেরই কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে মধুবনী ক্যাপশনে লেখেন, “ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা, যারা দু’দিন হল ভ্লগ করতে শিখেছ এবং সেই সুবাদে একটু-আধটু পরিচিতি পেয়েছ-তোমরা আসলে কিছুই করে উঠতে পারোনি।” এমন মন্তব্য ঘিরে মুহূর্তে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়।



তিনি আরও লেখেন, মানুষের মনে জায়গা করে নিতে ভালো গান গাওয়া, অভিনয় করা, লেখা কিংবা ভালো ছবি বানাতে দম লাগে। এমনকি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করতেও প্রয়োজন পরিশ্রম ও যোগ্যতা। কিন্তু কারও ব্যক্তিগত আক্রমণ করে সস্তার প্রচার পাওয়ায় কোনও দম লাগে না-এমনই তীব্র কটাক্ষ করেন মধুবনী।

ফলোয়ার সংখ্যাকে সাফল্যের মাপকাঠি করা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কম হলেও বহু কিংবদন্তি শিল্পীর প্রভাব ও অবদান অমূল্য। অনেক লেজেন্ডের তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নেই-তাতে তাঁদের গুরুত্ব একটুও কমে না।

সবশেষে মধুবনী লেখেন, কিছু মানুষ ও তাঁদের সৃষ্টির ব্যাপ্তি সোশ্যাল মিডিয়া ও ফলোয়ারের ঊর্ধ্বে। তাই বুঝে শুনে কথা বলা জরুরি, নইলে কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়াই ভালো।

কেএন/টিকে

মন্তব্য করুন