ধারাবাহিক শেষ হওয়া নিয়ে এবার মুখ খুললেন নায়ক রুবেল দাস
ছবি: সংগৃহীত
১২:৪৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক তুই আমার হিরো। শুরু থেকেই দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। তবে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি মেগাটি। সেই কারণেই সম্প্রতি ‘কুসুম’ ধারাবাহিকের সঙ্গে স্লট বদল হয়। আর তারপরই শনিবার শোনা যায়, মেগার শেষ দিনের শ্যুটিং সম্পন্ন হয়েছে। ধারাবাহিক শেষ হওয়া নিয়ে এবার মুখ খুললেন নায়ক রুবেল দাস।
রুবেল জানান, এই ধারাবাহিকের আগে তাঁর আগের মেগা ‘নিমফুলের মধু’ শেষ হয়েছিল। সেখানে ‘সৃজন’ চরিত্রটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জায়গা থেকেই ‘তুই আমার হিরো’-র শাক্যজিতকে দর্শক গ্রহণ করবেন কি না, তা নিয়ে তাঁর মনে কিছুটা দ্বিধা ছিল। তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়নি অভিনেতাকে। এই ধারাবাহিক থেকেও অনুরাগীদের কাছ থেকে তিনি বিপুল ভালোবাসা পেয়েছেন।
রুবেলের কথায়, টানা আট মাস রেটিং চার্টে ‘বেঙ্গল টপার’ ছিল এই মেগা। তার পর দীর্ঘ সময় ‘স্লট লিডার’ হিসেবেও জায়গা ধরে রেখেছিল। নায়কের স্পষ্ট বক্তব্য, “একটি ধারাবাহিকের কাছে এর থেকে বেশি কী চাইব?”

তিনি আরও বলেন, দু’টি আলাদা গল্প, দু’ধরনের চরিত্র-ফলে অভিনয়ে একঘেয়েমি আসেনি। ভালো গল্প আর অভিনয় আজও ছোটপর্দার সামনে দর্শককে বসিয়ে রাখতে পারে, আর ‘তুই আমার হিরো’ তারই প্রমাণ।
এদিকে, ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘কাকোই’-এর ভূমিকায় অভিনয় করা অনুরাধা মুখোপাধ্যায় শনিবার একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করেন। সেখানে ধারাবাহিকের প্রায় সমস্ত কলাকুশলীদের একসঙ্গে দেখা যায়। বিশাল একটি পিচবোর্ডে পোস্টারের নীচে সকলের সই করতেও দেখা যায়। পোস্টের ক্যাপশনে অনুরাধা লেখেন, “তুই আমার হিরো অবশেষে শেষ হল। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনওভাবে।”
এই প্রসঙ্গে অনুরাধা জানান, কাঁটায় কাঁটায় এক বছরের মাথায় শেষ হল তাঁদের ধারাবাহিক। গত বছরের মার্চে শুরু হয়ে এ বছরের মার্চেই শেষ হচ্ছে। বর্তমান সময়ে যেখানে অনেক ধারাবাহিক দু’-তিন মাসের বেশি টেকে না, সেখানে এক বছর সম্মানের সঙ্গে চলা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
উল্লেখ্য, এই মেগায় রুবেলের বিপরীতে আরশি চরিত্রে অভিনয় করেছেন মোহনা মাইতি। আর আরশির দিদির চরিত্রেই দর্শক দেখেছেন অনুরাধা মুখোপাধ্যায়কে।
কেএন/টিকে