‘লিজি ম্যাকগুয়ার’ অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ চলচ্চিত্রে লুইস স্কোলনিক এবং ডিজনি সিরিজ ‘লিজি ম্যাকগুয়ার’-এ বাবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই। ৭১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
পরিবারের শোকবার্তায় জানানো হয়, একজন প্রিয় বাবা, দাদা ও ভাইকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। দীর্ঘ দুই দশক ধরে তিনি বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াই করছিলেন।
পরিবারের মতে, তাঁর এই লড়াইয়ের কথা প্রকাশ্যে আনার উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে সচেতনতা তৈরি করা।
অভিনেতার ভাই কিথ ক্যারাডাইন জানান, রবার্ট ছিলেন অত্যন্ত মেধাবী। অসুস্থতার কথা লুকিয়ে রাখার মধ্যে কোনো লজ্জা নেই—এটি একটি বাস্তব রোগ, যা শেষ পর্যন্ত তাকে হার মানিয়েছে।
১৯৫৪ সালে জন্ম নেওয়া রবার্ট ছিলেন কিংবদন্তি অভিনেতা জন ক্যারাডাইন-এর কনিষ্ঠ পুত্র।
১৯৭২ সালে জন ওয়েন-এর সঙ্গে ‘দ্য কাউবয়েজ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে।
আশির দশকে ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি অর্জন করেন। পরবর্তীতে ২০০০-এর দশকে ‘লিজি ম্যাকগুয়ার’ সিরিজে হিলারি ডাফ-এর বাবার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হয়ে ওঠেন।
তার মৃত্যুতে হলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হিলারি ডাফ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় জানান, পুরোনো বন্ধুর এই বিদায় মেনে নেওয়া কঠিন। সহঅভিনেতা জেক থমাস তাকে স্মরণ করেছেন একজন মজাদার, কিছুটা অদ্ভুত অথচ দারুণ মানুষ হিসেবে।
রবার্টের মেয়ে এভার ক্যারাডাইন-ও সামাজিক মাধ্যমে বাবার সঙ্গে কাটানো স্মৃতিচারণ করে তাকে শেষ বিদায় জানিয়েছেন।
সূত্র: সিএনএন
এসএন