বিচারের মুখোমুখি মরক্কোর তারকা ফুটবলার হাকিমি
ছবি: সংগৃহীত
০৯:০৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে মরক্কো জাতীয় দলের এই খেলোয়াড় অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আজ ধর্ষণের অভিযোগই একটি বিচারের জন্য যথেষ্ট, যদিও আমি তা অস্বীকার করছি এবং সবকিছুই প্রমাণ করে এটি মিথ্যা। এটি যেমন নির্দোষ মানুষের জন্য অন্যায়, তেমনি প্রকৃত ভুক্তভোগীদের জন্যও। আমি শান্তভাবে এই বিচারের অপেক্ষায় আছি, যা সত্যকে প্রকাশ্যে নিয়ে আসবে।’

ফ্রান্সের রাজধানী প্যারিসের নানতের প্রসিকিউটর দপ্তর ২০২৩ সালে এক নারীর অভিযোগের পর এ ঘটনায় তদন্ত শুরু করে। মঙ্গলবার প্রসিকিউটর দপ্তর নিশ্চিত করেছে যে হাকিমির মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপিকে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন নিশ্চিত করে বলেন, ‘এমন এক অভিযোগের ভিত্তিতে বিচারের নির্দেশ দেওয়া হয়েছে, যা কেবল এক নারীর বক্তব্যের ওপর নির্ভরশীল। তিনি সব তদন্তে বাধা দিয়েছেন, সব ধরনের চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ পরীক্ষায় অস্বীকৃতি জানিয়েছেন, তার মোবাইল ফোন পরীক্ষা করতে দেননি এবং এক গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম প্রকাশ করতেও অস্বীকার করেছেন।’
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে বুধবার এএস মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। গত মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক দলে হাকিমির নাম ছিল।
আইকে/টিএ