© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, তদন্ত শেষে আগুনের প্রকৃত সূত্রপাত সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের ভাষ্যমতে বাজারের আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল মজুত ছিল। অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎও ছিল। কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় হঠাৎ আলিফ এন্টারপ্রাইজে আগুন দেখা দেয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

এমআর/টিকে 

মন্তব্য করুন