© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যোগ্য দল হয়েই কি চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বোদো?

শেয়ার করুন:
যোগ্য দল হয়েই কি চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বোদো?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বোদো/গ্লিমট- ২০১৭ সালে নরওয়ের দ্বিতীয় স্তরের ফুটবল খেলেছিল তারা। রাজধানী ওসলো থেকে গাড়িতে চড়ে ১৬ ঘণ্টার দূরত্বে অবস্থিত ছোট্ট শহর বোদোর ক্লাব তারা। আর্কটিক সার্কেলের প্রান্তে অবস্থিত এই শহরের জনসংখ্যা মাত্র ৫৫ হাজার। ইউরোপা লিগে সেমিফাইনালে উঠে চমক দেখানোর পর চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নেয় তারা। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে কোনো জয় না পাওয়া দলটি অপ্রত্যাশিতভাবে ম্যানসিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্লে অফে ওঠে। বড় চমক অপেক্ষা করছিল। গতবারের পরাজিত ফাইনালিস্ট ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে বিদায় করে প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে শেষ ষোলোতে তারা।

বোদো ঘরোয়া ফুটবলেও লম্বা বিরতিতে আছে। শীতকালীন বিরতির কারণে নরওয়েজিয়ান লিগ বন্ধ থাকায় ৩০ নভেম্বর থেকে কোনো লিগ ম্যাচ খেলেনি তারা। মাঠে খেলে প্রস্তুতির ঘাটতি থাকলেও এই বছর তারা চারটি ম্যাচের সবগুলো খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে এবং তাদের সাফল্য তো সবাই জেনে গেছে। জানুয়ারির আগে এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ না জেতা দলটি ম্যানসিটি, অ্যাটলেটিকোকে হারানোর পর ইন্টারকে দুইবার পরাজিত করল।



১৯৭১-৭২ মৌসুমে আয়াক্সের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জিতল বোদো। ওই মৌসুমে ট্রফি জিতেছিল আয়াক্স। অপটা স্ট্যাটসের তথ্য অনুযায়ী, এক মাস আগেও বোদোর শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ছিল ০.৩ শতাংশ। লিগ পর্বে প্রথম ছয় ম্যাচ থেকে তাদের পয়েন্ট ছিল মাত্র তিন! কিন্তু সিটি ও অ্যাটলেটিকোর বিপক্ষে জিতে ২৩তম স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে। এবার হারাল সিরি আ-তে ১০ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা ইন্টারকে। ঘরের মাঠে ৩-১, তারপর সান সিরোতে ২-১ গোলে জিতল তারা।

গত বছর বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে ওঠা ইন্টার ৯ মাসে কতটা বদলে গেছে, সেটা আঙুল দিয়েই যেন দেখিয়ে দিলো নরওয়ের ছোট এক ক্লাব। তবে ইন্টারের নতুন কোচ ক্রিস্টিয়ান চিভু বোদোর এই সাফল্যকে কাকতালীয় বলছেন না। 

বোদো যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে মনে করেন ইন্টারের ট্যাকটিশিয়ান। তিনি বললেন, ‘আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। এই পর্যায়ে কোনো দল আসতে পারা মানে, তাদের মধ্যে কিছু একটা আছে। এবং তারা সেটা প্রমাণ করেছে। তারা ডর্টমুন্ড, মাদ্রিদ, সিটি ও আমাদের বিপক্ষে দুইবার তা দেখিয়েছে।’

বোদোকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘এই দলের শক্তি আছে। আমরা নরওয়েতে ভালো করতে পারতাম, আজ এখানেও। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেভাবে চেয়েছিলাম তেমনটা হয়নি। আমরা পরের পর্বে যাওয়ার চেষ্টায় সবকিছু দিয়েছি, এটাই ফুটবল।’

ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা প্লে অফ হারের পর বললেন, ‘বোদো দুটো ম্যাচই জিতেছে। যোগ্য দল হিসেবে তারা এগিয়েছে। তারা আজ আমাদের খুব বেশি অসুবিধায় ফেলেনি... সবচেয়ে কঠিন ব্যাপার ছিল গোল করা, আমরা সেটা পারিনি।’

পরিসংখ্যান কিন্তু স্কোরলাইনের বাস্তবতা তুলে ধরছে না। পুরো ম্যাচে ইন্টার ছড়ি ঘুরিয়েছে। ৩২টি শটের মধ্যে তারা লক্ষ্যে রেখেছে সাতটি। বোদোর ১৯২ পাসের বিপরীতে তাদের ছিল ৫৫২টি। চিভুর শেষ কথা, ‘আমাদের প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে এবং অভিনন্দন জানাতে হবে। কারণ তাদের যা করার দরকার সেটা করেছে এবং ভালোভাবে। চ্যাম্পিয়ন্স লিগের মান কতটা উঁচুতে, সেটা সবাই জানে। আপনি যদি এখানে গোলের সুযোগের সদ্ব্যবহার না করতে পারেন এবং সতর্ক থাকতে না পারেন তাহলে প্রতিপক্ষ আপনাকে শাস্তি দেবেই।’


আরআই/এসএন

মন্তব্য করুন