© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আব্দুল্লাহ / 'জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়েছে, আমি ১০০ টাকাও খরচ করিনি'

শেয়ার করুন:
'জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়েছে, আমি ১০০ টাকাও খরচ করিনি'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নাগরিকবান্ধব দেবিদ্বার গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি তাঁর বক্তব্যে নির্বাচনি ব্যয়ের স্বচ্ছতা তুলে ধরে বলেন, দেবিদ্বারের জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়েছে। নির্বাচনের জন্য তিনি ব্যক্তিগতভাবে একশো টাকাও খরচ করেননি উল্লেখ করে জানান, সাধারণ মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা রয়েছে। জনগণের এই আস্থার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে দেবিদ্বারকে একটি আদর্শ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

বিশেষ করে স্থানীয় জননিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, গোমতী নদীর অবৈধ মাটি উত্তোলনকারী বা 'মাটিখেকো' চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তিনি ইভটিজিং ও মাদকের ভয়াবহতা নির্মূলে প্রশাসনের প্রতি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের নির্দেশ দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এবং দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁদের মতামত ব্যক্ত করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন