© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে অধীনস্থ সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে আজ মতবিনিময় করেছি। উনি সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ার কাজে সরকারের অধীনস্থ সব প্রচারমাধ্যমকে কীভাবে কাজে লাগাতে পারি তিনি (প্রধানমন্ত্রী) সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, এ ধরনের দিক-নির্দেশনার মধ্যেই আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সে অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো।

তথ্যপ্রযুক্তির আলোকে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করার আশাবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী এখন তথ্যপ্রযুক্তিনির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে। আমরা সে আলোকে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য। এটিকে আমরা কীভাবে মূর্তমান করবো সে বিষয়ে হোমওয়ার্ক করা হবে।

একটি বেসরকারি টেলিভিশনের চার সাংবাদিককে চাকরিচ্যুতির নোটিশ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, আমি এরই মধ্যে উভয়পক্ষের সঙ্গেই কথা বলার উদ্যোগ নিয়েছি। কিন্তু এখনো সম্মানজনক কোনো সাড়া পাইনি। তবে আমি আশাবাদী যে এটির সমাধান করতে পারবো।


ইউটি/টিএ

মন্তব্য করুন