ফের নতুন উপসর্গ, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন অভিনেত্রী দীপিকা?
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিতীয় ধাপের যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল আগেই। তার মধ্যেই ফের নতুন দুশ্চিন্তা। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় অস্ত্রোপচার করতে হল টেলিভিশন জগতের পরিচিত মুখ দীপিকা কক্কর-কে। চিকিৎসকদের তৎপরতায় আপাতত স্থিতিশীল অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।

গত বছর এপ্রিল মাস নাগাদ দ্বিতীয় পর্যায়ের যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সেই সময় অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থও হয়েছিলেন দীপিকা। নিয়মিত চিকিৎসা চলছিল। কিন্তু সম্প্রতি আবারও শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। কাঁধে প্রবল যন্ত্রণা ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি।
পরীক্ষায় ধরা পড়ে, যকৃতে নতুন করে ১ দশমিক ৩ সেন্টিমিটার আকারের একটি টিউমার তৈরি হয়েছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা সফলভাবে টিউমারটি অপসারণ করেছেন বলে জানা গেছে।
অস্ত্রোপচারের পর স্ত্রীর শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন শোয়েব। তাঁর কথায়, আপাতত ভালো আছেন দীপিকা। সামান্য যন্ত্রণা রয়েছে, তবে উদ্বেগের মতো কিছু নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।

অন্যদিকে, অসুস্থতার মাঝেও মানসিক দৃঢ়তার কথা শোনালেন দীপিকা নিজেই। তাঁর কথায়, যে কোনও কঠিন রোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। চিকিৎসা চলার মাঝেই বারবার রোগের ফিরে আসা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে তাঁদের ছেলে রুহানের কথা ভেবে বেশি চিন্তা হচ্ছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
কয়েক দিন আগেই পরিবারের সঙ্গে রমজান উদ্যাপনের হাসিমুখের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দীপিকা। তার মাঝেই এই নতুন অস্ত্রোপচারের খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে অনুরাগী ও ঘনিষ্ঠদের মধ্যে। অসুস্থতার মধ্যেই স্বামী-স্ত্রী তাঁদের অষ্টম বিবাহবার্ষিকীও পালন করেছেন ঘরোয়া পরিবেশে। শরীর সঙ্গ না দেওয়ায় বাড়িতেই কেক কেটে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা।
দীর্ঘ লড়াইয়ের পথে আবারও এক কঠিন অধ্যায় পেরোলেন দীপিকা। এখন নজর সুস্থতার দিকে।
এমকে/টিএ