© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইকেল ভনের যুক্তি / বাবরকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন পাকিস্তান কোচ!

শেয়ার করুন:
বাবরকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন পাকিস্তান কোচ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের একেকটি ম্যাচ শেষ হয়, এরপর ক্রমাগত বিশ্লেষকদের ছুরি-কাঁচির নিচে পড়তে থাকেন বাবর আজম।

গতকাল (মঙ্গলবার) ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। এই ম্যাচের আগেই অবশ্য বাবরকে নিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে– পাকিস্তান কোচ মাইক হেসন বাবরকে দলের ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন।

ইনস্যুরেন্স পলিসি অর্থনৈতিক পরিভাষা। এর মাধ্যমে মূলত সম্ভাব্য ঝুঁকি বা ক্ষতির বিনিময়মূল্য নির্ধারণ করা হয়। অর্থনীতির ভাষায়– ইনস্যুরেন্স বা বিমা পলিসি হলো বিমাকারী প্রতিষ্ঠান এবং পলিসিধারকের মধ্যে একটি আইনি চুক্তি, যেখানে নির্দিষ্ট কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে জীবন, স্বাস্থ্য বা সম্পদের সম্ভাব্য আর্থিক ঝুঁকি গ্রহণ করে। এটি নিশ্চিত করে যে, নির্দিষ্ট দুর্ঘটনা বা মৃত্যু হলে বিমাকারী ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তি (নমিনি) ক্ষতিপূরণ পাবে।

পাকিস্তান ও ইংল্যান্ড ম্যধকার ম্যাচের আগে ক্রিকবাজের একটি শোতে মাইকেল ভন বলেন, ‘যিনি পাকিস্তানে কোচের দায়িত্ব নিয়ে যান, আমি তার প্রশংসা করি, কারণ আমি কেবল সেটাই অনুমান করি সেখানে কী ঘটতে পারে। তবে বাবর আজমকে মাইক হেসন দারুণভাবে ডিল করেন, কারণ বাবরকে তার খেলাতেই হচ্ছে এবং হেসন তাকে ব্যবহার করেন ইনস্যুরেন্স পলিসির মতো। আপনি দুই উইকেট হারানোর পর সে ইনস্যুরেন্স হিসেবে আসে। চার নম্বরে নেমে নিজের মতো করে খেলে!’



চলমান বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায় হচ্ছে। সেখানকার উইকেট বাবরের জন্য উপযোগী বলেও মনে করেন ভন, ‘শ্রীলঙ্কায় উইকেটের সঙ্গে বাবর বেশ মানানসই, কারণ সেখানে সর্বোচ্চ ১৫০-১৮০ রান ওঠে এবং আমার মতে বাবরও ওই পরিসরের। পাকিস্তানকে ১৬০-১৭০ রান পর্যন্ত এনে দিতে পারবে সে। তবে যদি কোনো ম্যাচে ২০০-২১০ পর্যন্ত স্কোর উঠে যায়, তখন বাবর সেই পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আমি মনে করি না বাবর এখন আর সেই মানের খেলোয়াড়।’

বাবর একসময় টি-টোয়েন্টিতেও পাকিস্তানের ওপেনার হিসেবে খেলতেন, কখনোবা ওয়ানডাউনে দেখা যেত তাকে। কিন্তু বিশ্বকাপে তার ব্যাটিং পজিশন ঠিক করা হয়েছে চার নম্বরে। পাকিস্তান কোচ হেসন তাকে ভালোভাবেই ব্যবহার করছেন বলে দাবি মাইকেল ভনের, ‘মাইক হেসন সম্ভবত রাজনীতিটা ভালোভাবে করছেন, সেজন্য আমি তার প্রশংসা করি। হয়তো এটি আপনাকে বিশ্বকাপ জেতাবে না। যখন পাল্লেকেলের মতো পিচ থাকবে, আমি বাবরকে আমার দলে চাইব। কারণ স্পিনারদের সবদিকে খেলতে পারে এমন একজন নিখুঁত ব্যাটার দরকার।

যদি সে ১২৫-১৩০ স্ট্রাইকরেটে ব্যাট করে, এটি দারুণ। এরপর দুই-তিনজনের কাছ থেকে ক্যামিও ইনিংস দরকার হবে। তবে মাঝে অবশ্যই স্থিতিশীল কাউকে রাখতে হবে, আমার মতে তারা (পাকিস্তান) সেই ব্যবস্থাটা ভালোভাবে করছে।’

খানিক বাদেই আবার পাকিস্তানে বিদেশি কোচ যাওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন সাবেক এই ইংলিশ তারকা। ভন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কখনোই পাকিস্তানে বিদেশি কোচ হিসেবে যেতে চাইব না। এ নিয়ে জেসন গিলেস্পি’র (পাকিস্তানের সাবেক টেস্ট কোচ) সঙ্গে আমার অনেক কথা হতো। এটি (সেখানে কোচিং করানো) খুব কঠিন। তবে হেসন তার দল ও টিম ম্যানেজমেন্ট ভালোভাবে সামলাচ্ছে।’

প্রসঙ্গত, ইংলিশদের বিপক্ষে আগে ব্যাট করে শাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ১৬৪ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। যা অধিনায়ক হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৫ বল এবং ২ উইকেট হাতে রেখে পেরিয়েছে ইংল্যান্ড। ম্যাচটিতে ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন বাবর। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ইনিংসে ব্যাট করে তিনি ২২.৭৫ গড় এবং ১১২.৩৪ স্ট্রাইকরেটে ৯১ রান করেছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন