সত্যি কি শিল্পা শেঠির ‘বাস্টিয়ান’-এর দৈনিক আয় ২ থেকে ৩ কোটি?
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
শিল্পা শেঠি মুম্বাইয়ের বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্টিয়ান’-এর দৈনিক আয়ের খবর নতুন করে আলোড়ন তৈরি করেছে। মাস কয়েক আগে লেখিকা শোভা দে জানান, রেস্তরাঁর দৈনিক আয় ২ কোটি টাকা, সপ্তাহান্তে পৌঁছে যায় প্রায় ৩ কোটির কাছাকাছি। তবে রেস্তরাঁর মালিক রঞ্জিত বিন্দ্রা এই দাবিকে খানিকটা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমিও শুনেছি, আমাদের দৈনিক আয় নাকি ২ কোটি। ইশ্! যদি সত্যি হত। তবে একদিন নিশ্চয়ই হবে।”
শিল্পা শেঠি নিজেও ব্যবসায় অংশীদারি প্রসঙ্গে জানিয়েছেন, “আমি রঞ্জিৎকে পেয়ে খুব খুশি। যখন আমাদের দেখা হয়, তখন আমি গ্রাহক হিসাবে যেতাম সেখানে। ও তখন বলে ওরলিতে আরও একটি আউটলেট খোলা হবে। ওর পরিকল্পনা ভালো লাগে। অতিমারির সময় রেস্তরাঁটি খোলা হয়। মাত্র কয়েক বছরে এমন শ্রীবৃদ্ধি হয়েছে।” তবে ব্যবসার সাফল্যের ক্রেডিট রঞ্জিতের মতে মূলত শিল্পার সঙ্গে তাঁর অংশীদারি এবং ভাগ্যই আনে।

‘বাস্টিয়ান’-এর আকর্ষণ শুধু বিলাসবহুল পরিবেশ নয়, এতে আয়োজন হয় সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের প্রীতিভোজের মতো জমকালো অনুষ্ঠান। উপরের তলায় ২১ হাজার বর্গফুট জায়গা থেকে গোটা শহর দেখা যায়। শোভা দে বলেন, “লোকজন আসছেন ৫-৬ কোটির গাড়িতে, সেরা সব পানীয় খাচ্ছেন, মিনিটে লক্ষ টাকা খরচ করছেন।”
সত্যিকারের আয় নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই, তবে রেস্তরাঁর খ্যাতি, বিলাসিতা ও শিল্পার নামের প্রভাবেই এটি মুম্বই শহরের নিশিযাপন সংজ্ঞায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পিআর/টিএ