© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ইংলিশ ক্লাবের সঙ্গে কিউবা মিচেলের চুক্তি

শেয়ার করুন:
এবার ইংলিশ ক্লাবের সঙ্গে কিউবা মিচেলের চুক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ইংল্যান্ডের চেনা আঙিনায় ফিরে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার কিউবা মিচেল। দীর্ঘমেয়াদী চুক্তিতে বসুন্ধরা কিংসে এলেও প্রতিকূল আবহাওয়া এবং মানিয়ে নেওয়ার সমস্যার কারণে মাত্র ৬ মাসের মাথায় ক্লাব ছাড়েন এই ২০ বছর বয়সী মিডফিল্ডার। আর এর মধ্যেই যোগ দিলেন ইংল্যান্ডের সপ্তম স্তরের দল গ্লুস্টার সিটিতে।

২০ বছর বয়সী কিউবা মিচেল গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন বসুন্ধরা কিংসে। তবে আবহাওয়া ও সামগ্রিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। ফলে চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় বসুন্ধরার সঙ্গে চুক্তিটি বাতিল করেন। এরপরই ইংল্যান্ডে ফিরে যান তিনি।

সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক একাডেমিতে বেড়ে ওঠা কিউবা এই পদক্ষেপকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। ক্লাবের মাধ্যমে তিনি বলেন, দলে যোগ দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত। দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি।




বাংলাদেশে খেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। কিউবা জানান, বিদেশে প্রথম দলের হয়ে খেলা এবং জাতীয় দলে অভিষেক তাকে আত্মবিশ্বাস দিয়েছে। গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এছাড়া ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে খেলেছিলেন তিনি, যা ছিল ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

এদিকে গ্লুস্টার সিটি বর্তমানে দক্ষিণ প্রিমিয়ার বিভাগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। উন্নীত হওয়ার লড়াইয়ে আছে দলটি। মৌসুমের বাকি সময়ে ক্লাবের সাফল্যে ভূমিকা রাখতে চান কিউবা।

এসকে/টিএ

মন্তব্য করুন