বয়সে রাজের থেকে ঠিক কত ছোট শুভশ্রী?
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
শনিবার ২১ ফেব্রুয়ারি ৫১ বছরে পা দিলেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। বিশেষ দিনটি ছিল একেবারে ঘরোয়া, ছিমছাম আর ভালবাসায় মোড়া। জন্মদিনের আগের রাতেই শহরের এক নামী ক্যাফেতে পরিবারের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন তাঁর জীবনসঙ্গী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতালীয় খাবার, হাসি-আড্ডা আর কাছের মানুষদের উপস্থিতিতেই কেক কাটেন রাজ।
তবে আয়োজনের চেয়েও বেশি নজর কাড়ে শুভশ্রীর আবেগঘন বার্তা। সমাজমাধ্যমে তিনি লেখেন, ঈশ্বর জানেন তাঁরা একে অপরের কতটা প্রয়োজন, একসঙ্গে থাকাটাই তাঁর জীবনের সবচেয়ে সুন্দর বিষয়। সেই কথাতেই যেন স্পষ্ট হয়ে ওঠে, সাত বছরের দাম্পত্য পেরিয়েও সম্পর্কের উষ্ণতা অটুট।

একসময় রাজ-শুভশ্রীর প্রেম নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি। বয়সের পার্থক্য, অতীত সম্পর্ক সব নিয়েই কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সব বিতর্ককে পিছনে ফেলে আজ তাঁরা সুখী পরিবার। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ইউভান, ২০২৩ সালে পরিবারে আসে কন্যা ইয়ালিনি। দুই সন্তানকে সামলে শুভশ্রী যেভাবে সংসার ও কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে অনুরাগীদের প্রশংসা থামছে না।
প্রসঙ্গত, শুভশ্রীর আগে রাজের সংসার গড়েছিল শতাব্দী মিত্রর সঙ্গে। ২০০৬ সালের সেই বিয়ে ২০১১ সালেই ভেঙে যায়। তারপরই শুভশ্রীর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রাজ। তাঁর পরিচালিত ‘প্রলয় ২’ মুক্তির অপেক্ষায়, যার প্রযোজক শুভশ্রী নিজেই। অন্যদিকে, পুজোয় চমক দিতে চলেছেন শুভশ্রী-প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে জুটি বেঁধে আসছে ‘দেশু সেভেন’। এই ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ভক্তমহলে।
পিআর/টিএ