নয় বছর পর ইমরান-নওমির নতুন গান
ছবি: সংগৃহীত
০৬:১১ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
প্রায় এক দশক পর সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী নওমি।
নাম চূড়ান্ত না হওয়া গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে কদিন আগে।
গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটির রেকর্ডিং হয়েছে ইমরানের নিজস্ব স্টুডিওতে।
স্টুডিও থেকে গানটি নিয়ে ফেইসবুকে এক ভিডিওতে ইমরান বলেন, “দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলে যাবে। তাই ভাবলাম নতুন একটি গান তার সঙ্গে করা যেতেই পারে।
“প্রায় নয় বছর পর নওমির সঙ্গে গান, মূলত শ্রোতা-ভক্তদের জন্যই আমরা নতুন গানটি করেছি। এর আগে তার সঙ্গে একটি ছবি পোস্ট করার পর সবাই এই আবদার করেছিল। আশা করছি গানটি প্রচারে এলে সবার পছন্দ হবে। গানটি খুবই সুন্দর, আমরা একটা সুন্দর ভিডিও দিয়ে এটা দর্শকের সামনে আনব।”
নওমি কানাডায় থাকেন, কিছুদিনের ছুটিতে দেশে এসেছেন।
গানটি নিয়ে নওমি বলেন, “দীর্ঘদিন পর ইমরান ভাইয়ের সঙ্গে গান, অন্যরকম অনুভূতি কাজ করছে। সত্যি বলতে ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। আশা করছি ভবিষ্যতেও আরও কিছু গান একসঙ্গে করতে পারব। সম্ভব হলে কানাডাতেও মিউজিক ভিডিও করব।”
গানটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন ইমরান। ইমরান ও নওমি এর আগে একসঙ্গে গেয়েছিলেন ‘আনমনা’, ‘হৃদয়ের সীমানা’, 'স্বপ্ন মাঝে’সহ কিছু গান।
এবি/টিএ
এবি/টিএ