কোনো শক্তি অগস্ত্যর ভাগ্য বদলাতে পারবে না: জয়া বচ্চন
ছবি: সংগৃহীত
০১:৫৭ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কের টানাপড়েন নতুন নয়। বহুবারই ক্যামেরাবন্দিদের আচরণে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি। তবে সেই ব্যক্তিগত সম্পর্কের রেশ নাতি অগস্ত্য নন্দের ক্যারিয়ারে পড়বে কি না এমন প্রশ্ন উঠতেই সাফ জবাব দিলেন জয়া। তার বিশ্বাস, ভাগ্য ঠিক থাকলে কোনো শক্তিই অগস্ত্যকে থামাতে পারবে না।
কয়েকমাস আগেই ছবিশিকারিদের পোশাক ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জয়া বচ্চন। এর প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলোচনায় আসে- ছবিশিকারীদের সাথে এমন তিক্ত সম্পর্ক নাতি অগস্ত্য নন্দার কর্মজীবনে কোনো প্রভাব ফেলবে কিনা।

অগস্ত্যর ক্যারিয়ার নিয়ে অকপটে জয়া বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি অগস্ত্যর ভাগ্য বদলাতে পারবে না। তার যদি তারকা হওয়ার যোগ্যতা থাকে, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। সংবাদমাধ্যমের সাথে অগস্ত্যের নিজস্ব রসায়ন আছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।’
সাক্ষাৎকারে অতীতের কথা স্মরণ করে জয়া বলেন, ‘একসময় ১৫ বছর ধরে অমিতাভ বচ্চনকে নিষিদ্ধ করেন ছবিশিকারিরা। তাতে কি অমিতজির খ্যাতি কোনো অংশে কমেছে।’
নাতি-নাতনিদের প্রশংসা করতে সাধারণত অনাগ্রহী জয়া। তবু অগস্ত্যকে নিয়ে তার কণ্ঠে আলাদা উষ্ণতা। অভিনেত্রীর মতে, ‘অগস্ত্য খুব দ্রুত যে কোনো বিষয় শিখে নেয়। ওর মধ্যে একটা জেদ আছে। খানিকটা আমার মতোই। আমার হৃদয়ে তার জন্য বিশেষ জায়গা রয়েছে।’
অগস্ত্য নন্দা ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেক করেন। এরপর গত বছর মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ এ কিংবদন্তি তারকা ধর্মেন্দ্রর সাথে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
আরআই/ এসএন