© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের সাজে অনন্য রাশমিকা, ভারী গয়নায় চমক বিজয়েরও!

শেয়ার করুন:
বিয়ের সাজে অনন্য রাশমিকা, ভারী গয়নায় চমক বিজয়েরও!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
২০১৭ সালে প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে আট বছরের সম্পর্কের পর উদয়পুরে দক্ষিণী রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিলাসবহুল রিসর্টে আয়োজিত মেগা বাজেটের এই বিয়ে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না। প্রায় একশো অতিথির উপস্থিতিতে খাঁটি দক্ষিণী পদে সাজানো হয়েছিল বিয়ের ভোজ।

নির্দিষ্ট তিথি মেনে সকালে সম্পন্ন হয় বিয়ের সব আচার। সামাজিক মাধ্যমে আগে কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ছড়িয়ে পড়লেও সন্ধ্যায় নবদম্পতি নিজেরাই আসল ছবি প্রকাশ করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

বিয়ের সাজেই সবচেয়ে বেশি চমক দেন রাশমিকা। সিঁদুরে লাল সিল্ক শাড়ি, সরু সোনালি পাড় ও জরির সূক্ষ্ম নকশা সঙ্গে বিডসের কাজ করা ব্লাউজে নববধূ যেন ঐতিহ্যের প্রতিমূর্তি। তাঁর গলার কাসু মালা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। গলা থেকে নাভি পর্যন্ত নেমে আসা এই ঐতিহ্যবাহী হারটির প্রতিটি লকেটে কারুকাজ, সবচেয়ে বড় লকেটে দেবী লক্ষ্মীর মূর্তি। ছোট লকেটগুলিতে কল্কার কাজ। পাশাপাশি ছোট-বড় মটরদানার নকশায় গড়া হার নজর কাড়ে সবার।



কানের দুল, টিকলি, টায়রা, কোমরবন্ধ, বাজুবন্ধ প্রতিটি গয়নাতেই ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ। খোঁপায় ফুলের বদলে বিশেষ অলঙ্কার ব্যবহার করেন অভিনেত্রী। হাতভর্তি সোনার চুড়ি ও বালা, একাধিক আংটি এবং হাতপদ্মে সেজে সম্পূর্ণ করেন তাঁর বিয়ের সাজ।

অন্যদিকে বিজয়ও কম যাননি। লাল উত্তরীয় ও সাদা সিল্ক ধুতিতে রাজকীয় উপস্থিতি। গলায় একাধিক মোটা সোনার হার, হাতে বাজুবন্ধ ও বিশেষ গয়নায় তাঁকে অনেকেই দেবতার সঙ্গে তুলনা করেছেন। দু’জনের এনগেজমেন্ট রিংও ছিল আলোচনায়।

সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা। রাশমিকা লিখেছেন, বিজয় তাঁকে সত্যিকারের ভালোবাসা ও শান্তির অর্থ শিখিয়েছেন, বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তাঁর কথায়, বিজয়ের সংস্পর্শ তাঁকে বদলে দিয়েছে। অন্যদিকে বিজয় জানিয়েছেন, রাশমিকাকে ছাড়া তাঁর দিন অসম্পূর্ণ লাগে, তিনি তাঁকে নিজের ঘরের মতোই কাছে চান।

এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি। আগামী ৪ মার্চ হায়দারাবাদে বসছে রিসেপশনের আসর। সেদিন কী চমক অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

পিআর/টিকে

মন্তব্য করুন