সমুদ্রতটে নতুন ঠিকানা খুললেন বলিউড তারকা শিল্পা শেঠি
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ের আভিজাত্য আর তারকাদের আড্ডা এই দুইয়ের মিলনস্থল হিসেবে বহুদিন ধরেই পরিচিত ‘বাস্টিয়ান’। সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে এ বার সমুদ্রতটে নতুন ঠিকানা খুললেন বলিউড তারকা শিল্পা শেঠি। তাঁর সহউদ্যোক্তা রঞ্জিত বিন্দ্রা-র সঙ্গে যৌথ মালিকানাধীন ব্র্যান্ড বাস্টিয়ান এখন সমুদ্রের হাওয়ায় সাজিয়েছে বিলাসী অবকাশের নতুন অধ্যায়।
মুম্বাইয়ের সমুদ্রসৈকত ঘেঁষে বিস্তীর্ণ জায়গাজুড়ে গড়ে উঠেছে এই নতুন সমুদ্রতট ক্লাব। বালুকাবেলায় রঙিন আসন, সারি সারি নারকেলগাছ, সঙ্গে সুইমিং পুল সব মিলিয়ে যেন নগরজীবনের কোলাহল থেকে দূরে এক আলাদা জগত। দুপুরে রোদের আলোয় সমুদ্র উপভোগ, আর সন্ধ্যা নামলেই আলোর সাজে বদলে যায় পরিবেশ। দিন আর রাতের আবহ আলাদা করে সাজানো হয়েছে অতিথিদের অভিজ্ঞতা ভিন্নমাত্রা দিতে।

খাবারের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য। এশীয় ও লাতিন ঘরানার নানা পদ রাখা হয়েছে তালিকায়। নিরামিষভোজীদের জন্য বিশেষ আকর্ষণ সবুজ আপেল মিশ্রিত ভুট্টার পদ। ব্রকোলি, কারি পাতা ও লঙ্কার সংমিশ্রণে তৈরি বিশেষ খাবারও থাকছে। সমুদ্রতটের পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে সামুদ্রিক মাছের পদে দেওয়া হয়েছে আলাদা গুরুত্ব। নারকেলের দুধে তৈরি বিভিন্ন রান্না যেমন রয়েছে, তেমনি মাংসপ্রেমীদের জন্যও রাখা হয়েছে বিশেষ আয়োজন।
তারকাদের নিয়মিত আনাগোনায় আগেই আলোচিত ছিল এই ব্র্যান্ড। নতুন সমুদ্রতট ক্লাব সেই জৌলুসকে আরও এক ধাপ এগিয়ে দিল। জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত সেখানে সময় কাটাতে চাইলে একজনের আনুমানিক ব্যয় হতে পারে প্রায় পাঁচ হাজার টাকা। বিলাসী অবকাশ, রসনাবিলাস আর সমুদ্রের মেলবন্ধনে শিল্পার এই নতুন উদ্যোগ ইতিমধ্যেই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে।
পিআর/টিকে