© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপালের উপর অসন্তুষ্ট ৪০ শিশু! নতুন বিতর্কে অভিনেতা

শেয়ার করুন:
রাজপালের উপর অসন্তুষ্ট ৪০ শিশু! নতুন বিতর্কে অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ঋণের দায়ে কারাবাস, তারপর জামিনে মুক্তি গত কয়েক মাস ছিল কঠিন সময়। সেই দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অনেকে। বলিউডের একাধিক তারকার পাশাপাশি এগিয়ে এসেছিল একদল স্কুলপড়ুয়াও। কিন্তু মুক্তির পর তাঁদের সঙ্গেই দেখা না হওয়ায় ক্ষোভ জমেছে প্রায় চল্লিশ শিশুর মনে। নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা রাজপাল যাদব।

উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি স্কুলের পড়ুয়ারা নিজেদের দৈনিক হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে সাহায্য পাঠিয়েছিল অভিনেতার জন্য। সঙ্গে ছিল একটি আবেগঘন চিঠি। তাদের একটাই অনুরোধ ছিল জেল থেকে বেরিয়ে একবার যেন তাঁদের সঙ্গে দেখা করেন রাজপাল। সেই আশাতেই দিন গুনছিল তারা।

কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরও অভিনেতার সঙ্গে দেখা হয়নি। এতে মনঃক্ষুণ্ণ হয়ে পড়ে শিশুরা। সম্প্রতি তাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তারা জানায়, রাজপাল বাড়ি ফিরেছেন শুনে তারা আনন্দিত, কিন্তু জানতে চায় তাদের পাঠানো অর্থ তিনি পেয়েছিলেন কি না এবং চিঠির উত্তর কেন দেওয়া হয়নি। সরল ভাষায় তারা বলে, এই কারণে তারা অসন্তুষ্ট।



ঘটনার পর মুখ খুলেছেন রাজপাল। তাঁর দাবি, তিনি সদ্য বাড়ি ফিরেছেন এবং এখনও সবার সঙ্গে যোগাযোগের সুযোগ পাননি। এমনকি পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হয়নি পুরোপুরি। কারা কারা সাহায্য করেছিলেন, সেই তথ্য সংগ্রহ করছেন বলেও জানান তিনি। অভিনেতার কথায়, ওই শিশুরা তাঁর নিজের সন্তানের মতো। তাঁদের সঙ্গে দেখা করে আলিঙ্গন করবেন, ছবি তুলবেন এমন আশ্বাসই দিয়েছেন তিনি।

দুঃসময়ে শিশুদের এই উদ্যোগ একদিকে যেমন আবেগ ছুঁয়েছে, তেমনি প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তৈরি হয়েছে প্রশ্ন। এখন দেখার, অভিনেতার প্রতিশ্রুত সাক্ষাৎ কবে বাস্তবে রূপ নেয়।

পিআর/টিকে

মন্তব্য করুন